বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকে বগুড়া থেকে গ্রেপ্তার

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২১ অক্টোবর ২০২৫, ৬:৪৬ অপরাহ্ণ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বগুড়া জেলা কমিটির সাবেক সদস্যসচিব সাকিব খানকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (২০ অক্টোবর) রাত পৌনে চারটার দিকে বগুড়া শহরের নারুলী এলাকার বাসা থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে গ্রেপ্তার করে। রাতেই তাকে ঢাকায় নেওয়া হয়।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বগুড়ার পুলিশ সুপার জেদান আল মুসা।

তিনি বলেন, শাহবাগ থানায় করা একটি মামলায় সাকিব খানকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কী অভিযোগ, সেটা শাহবাগ থানা-পুলিশ বলতে পারবে।

র‍্যাব-১২ এর বগুড়ার স্পেশাল কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদ গণমাধ্যমকে বলেন, ঢাকা থেকে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল সাকিব খানকে গ্রেপ্তার করেছে। র‍্যাব অভিযান পরিচালনায় তাদের সহযোগিতা করেছে।

এদিকে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর গণমাধ্যমকে বলেন, পছন্দসই জায়গায় বদলি ও পদায়ন করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে সাকিব খানের বিরুদ্ধে। এই অভিযোগের ভিত্তিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিযুক্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরীর নির্দেশে শাহবাগ থানার একজন উপপরিদর্শক (এসআই) বাদী হয়ে সোমবার সাইবার সুরক্ষা আইনে একটি মামলা করেছেন। ওই মামলায় সাকিব খানকে বগুড়া থেকে গ্রেপ্তার করা হয়েছে।

সাইবার সুরক্ষা আইন বাতিল এবং সাকিবের মুক্তির দাবিতে বিকেলে বগুড়া শহরের সাতমাথায় মানবন্ধন ও বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে সাধারণ ছাত্র-জনতা।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh