মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে পড়ে পথচারী নিহত: পরিবারকে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৫, ৬:১৪ অপরাহ্ণ

রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রোরেলের একটি বিয়ারিং প্যাড খুলে পড়ে আবুল কালাম (৩২) নামে এক পথচারী নিহত হয়েছেন। রোববার (২৬ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতের বাড়ি শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঈশরপাটি গ্রামে।

দুর্ঘটনার পরপরই মেট্রোরেল চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে সড়ক ও রেল উপদেষ্টা ফাওজুল কবির খান জানান, নিহত ব্যক্তির পরিবারের সব দায়-দায়িত্ব মেট্রোরেল কর্তৃপক্ষ গ্রহণ করবে। প্রাথমিকভাবে পরিবারকে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে।

তিনি আরও বলেন, নিহতের পরিবারের কোনো সদস্য কর্মক্ষম হলে তাকে মেট্রোরেলে চাকরির সুযোগ দেওয়া হবে। আহতদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি।

উপদেষ্টা জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে সেতু বিভাগের সচিব মোহাম্মদ আব্দুর রউফকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে দুই সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে, আকস্মিক এ ঘটনায় ফার্মগেট এলাকায় মুহূর্তের মধ্যেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা জানান, বিয়ারিং প্যাডটি হঠাৎ ওপর থেকে নিচে পড়ে যায়, এতে ঘটনাস্থলেই আবুল কালাম গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পর পুলিশ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা এলাকা ঘিরে তদন্ত শুরু করেছেন।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh