গাজায় মৃত্যু সংখ্যা ছাড়াল ৬৯ হাজার

আন্তর্জাতিক ডেস্ক,

  • প্রকাশিত: ৯ নভেম্বর ২০২৫, ১০:৩৪ পূর্বাহ্ণ

হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার প্রায় এক মাস পরও গাজায় মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। ধ্বংসস্তূপের নিচ থেকে নতুন করে মরদেহ উদ্ধার ও শনাক্ত হওয়ায় নিহতের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। এছাড়া ইসরায়েলি হামলা অব্যাহত থাকায় প্রতিদিন বাড়ছে হতাহতের সংখ্যা।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় শনিবার জানিয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত গাজা উপত্যকায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৯ হাজার ১৬৯ জনে।

সাম্প্রতিক সপ্তাহে উদ্ধার হওয়া মরদেহ শনাক্ত করায় এই সংখ্যা আরো বেড়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি বাহিনীর হামলায় আরও ২৪০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। শনিবারও নতুন করে হত্যার খবর পাওয়া গেছে।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা উত্তর গাজায় এক ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে, যিনি কথিত ‘ইয়েলো লাইন’ অতিক্রম করে সেনাদের কাছাকাছি চলে গিয়েছিলেন।

এই ‘ইয়েলো লাইন’ বা হলুদ রেখা হচ্ছে একটি নির্ধারিত সীমারেখা, যেখানে পর্যন্ত ইসরায়েলি বাহিনী যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সম্পাদিত যুদ্ধবিরতি চুক্তির শর্ত অনুযায়ী পিছু হটার কথা ছিল।

ইসরায়েলি সেনাবাহিনী আরো জানিয়েছে, দক্ষিণ গাজাতেও তারা আরেকজন ফিলিস্তিনিকে হত্যা করেছে, যিনি ওই সীমারেখা অতিক্রম করেছিলেন এবং সেনাদের ভাষ্যমতে ‘তাৎক্ষণিক হুমকি’ সৃষ্টি করেছিলেন।

স্থানীয় সূত্র বলছে, ইসরায়েলি বাহিনী প্রায়ই ওই সীমারেখার কাছে গেলে ফিলিস্তিনিদের এমনকি পরিবারসহ সাধারণ মানুষকেও লক্ষ্য করে গুলি চালাচ্ছে।

সোর্স: এপি নিউজ

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh