সাতকানিয়ায় রেললাইনে গাছ ফেলে নাশকতার চেষ্টা

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৫, ২:০৯ অপরাহ্ণ

চট্টগ্রামের সাতকানিয়ায় রেললাইনের ওপর গাছ ফেলে নাশকতার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। আজ রোববার ভোরে রেললাইনের ওপর গাছ পড়ে থাকার খবর পেয়ে দ্রুত তা সরিয়ে নেন রেলের নিরাপত্তাকর্মীরা। এ ঘটনায় ট্রেন চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি।

রেলওয়ে কর্মকর্তারা গণমাধ্যমকে জানায়, সাতকানিয়া রেলস্টেশনের এক কিলোমিটার দক্ষিণে ঢেমশা ইউনিয়ন এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার রেলপথের ওপর গাছের কিছু ডাল ছড়িয়ে-ছিটিয়ে রাখে দুর্বৃত্তরা। সকাল ৬টার দিকে বিষয়টি জানতে পেরে রেলের নিরাপত্তাকর্মীরা ২০ মিনিটের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছে রেললাইন থেকে গাছ সরিয়ে দেন।

তদন্তে জানা গেছে, গতকাল রাত ১১টার দিকে কক্সবাজার থেকে চট্টগ্রাম অভিমুখী সৈকত এক্সপ্রেস সাতকানিয়া স্টেশন অতিক্রম করেছে। এর পর থেকে আজ সকাল ৬টার মধ্যবর্তী সময়ে এই ঘটনা ঘটে। ভোর সাড়ে ৫টায় ঢাকা থেকে কক্সবাজারগামী ‘কক্সবাজার এক্সপ্রেস’ সাতকানিয়া অতিক্রম করার কথা ছিল। তবে ট্রেনটি সকাল ৭টায় স্টেশন অতিক্রম করে। রেললাইনে গাছ সরিয়ে নেওয়ায় কোনো দুর্ঘটনা ঘটেনি।

সাতকানিয়া রেলস্টেশনের সহকারী স্টেশনমাস্টার মং ইউ মারমা গণমাধ্যমকে জানান, ‘রেললাইন স্বাভাবিক আছে। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh