সব
স্বদেশ বিদেশ ডট কম

রোববার দিবাগত রাত দেড়টার দিকে সিলেট নগরীর পাঠানটুলা এলাকায় নবাবী মসজিদের পাশে গাড়ি মেরামতের দোকান ও দুইটি ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিসের ৮ ইউনিট প্রায় ১ ঘণ্টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের বিভাগীয় সহকারী পরিচালক তৌফিকুল ইসলাম ভুইয়া গণমাধ্যমকে জানিয়েছেন, স্থানীয়রা আগুন লাগার খবর দিলে তিনটি ইউনিট প্রথমে পাঠানো হয়। আগুন বিস্তৃত হওয়ায় আরও তিনটি ইউনিটসহ মোট ৮টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম গণমাধ্যমকে বলেন, যান্ত্রিক বা বৈদ্যুতিক ত্রুটি থেকে আগুন লাগার সম্ভাবনা রয়েছে। আগুনে ঢাকা অটো ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস নামের গাড়ি মেরামত, ডেন্টিং ও পেইন্টিংয়ের দোকান পুরোপুরি পুড়ে গেছে। দোকানে থাকা এক্স নোহা, মাইক্রোবাস, দুইটি মোটরসাইকেল এবং পুলিশের একটি পিকআপসহ মোট ১২টি গাড়ি পুড়ে ছাই হয়েছে।
এছাড়া আশপাশের আরও দুইটি ব্যবসাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। ফায়ার সার্ভিস জানায়, ওয়ার্কশপে কেউ আহত বা নিহত হয়নি। মূলত গাড়ির গ্যারেজ থেকে আগুন শুরু হয় এবং সম্ভবত শর্টসার্কিটের কারণে বিস্তার ঘটে। তদন্ত শেষে আগুন লাগার সঠিক কারণ জানা যাবে।