জাতীয় স্মৃতিসৌধে শেরিং তোবগের শ্রদ্ধা

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৫, ৪:০১ অপরাহ্ণ

ঢাকার সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে।

শনিবার (২২ নভেম্বর) সকালে ঢাকায় পৌঁছানোর পর অল্প সময়ের মধ্যেই তিনি স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার দপ্তর।

এ সময় শেরিং তোবগে স্মৃতিসৌধ প্রাঙ্গণে একটি গাছ রোপণ করেন এবং দর্শনার্থী বইয়ে সই করবেন।

তিন দিনের সফরে শনিবার সকাল সোয়া ৮টায় ঢাকার শাহজালাল বিমানবন্দরে পৌঁছান ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। তাকে বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা জানান প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। সেখানে দুই নেতার মধ্যে সংক্ষিপ্ত বৈঠক হওয়ার পর শেরিং তোবগেকে গার্ড অব অনার দেয় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল।

বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে ভুটানের প্রধানমন্ত্রী সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে রওনা হন।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তোবগের এই সফরে ইন্টারনেট ব্যান্ডউইথ বিনিময়সহ তিনটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হওয়ার সম্ভাবনা রয়েছে।

দুপুরে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এবং বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রী বৈঠক করবেন। এরপর বেলা ৩টায় তেজগাঁয়ের কার্যালয়ে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে শেরিং তোবগের একান্ত বৈঠক হবে। সন্ধ্যায় ভুটানের প্রধানমন্ত্রী এবং তার প্রতিনিধিদলের সম্মানে রাষ্ট্রীয় ভোজের আয়োজন করা হবে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার দপ্তর।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh