পশ্চিমতীরে ইসরাইলি সেনাবাহিনীর নতুন অভিযান শুরু

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৫, ১২:৫৬ অপরাহ্ণ

অধিকৃত পশ্চিমতীরে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে ইসরাইলের সেনাবাহিনী বুধবার নতুন করে অভিযান শুরু করেছে। স্থানীয় গভর্নর এএফপিকে জানিয়েছেন, সেনারা বেশ কয়েকটি শহরে অভিযান চালিয়েছে।

ফিলিস্তিনের তুবাস থেকে এএফপি এ খবর জানায়।

সেনাবাহিনী, পুলিশ ও অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা যৌথ বিবৃতিতে জানিয়েছে, তারা উত্তরাঞ্চলে ‘বৃহৎ সন্ত্রাসবিরোধী অভিযান’ শুরু করেছে। গোয়েন্দা তথ্য অনুযায়ী সেখানে ‘সন্ত্রাসীরা ঘাঁটি তৈরির চেষ্টা’ হচ্ছিল।

সেনারা জানিয়েছে, প্রথমে বিমান হামলার মাধ্যমে অভিযানটি শুরু হয়। এরপর স্থল অভিযান চালিয়ে সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ ও অর্থ জব্দ করা হয়।

সেনারা দাবি করেছে, জেনিন গভর্নরেটের কাবাতিয়া এলাকায় অভিযান চালানোর সময়, ইসরাইলি সৈন্যদের লক্ষ্য করে এক ব্যক্তি বিস্ফোরক নিক্ষেপ করলে তাকে গুলি করে হত্যা করা হয়।

ইসরাইলি সেনাবাহিনী এটিকে নতুন অভিযান বলে এএফপিকে নিশ্চিত করেছে। জানুয়ারি ২০২৫-এ শুরু হওয়া অভিযানের সঙ্গে এর সম্পর্ক নেই। আগের অভিযান মূলত পশ্চিমতীরের উত্তরাঞ্চলের শরণার্থী শিবিরে পরিচালিত হয়েছিল।

অভিযানটি শুরু হয় রাত থেকে। পশ্চিম তীরের ১১টি গভর্নরেটের মধ্যে উত্তর-পূর্বতম কৃষিপ্রধান তুবাস অঞ্চলে অভিযানটি চলছে।

টুবাসের গভর্নর আহমেদ আল-আসাদ এএফপিকে বলেন, ‘এই প্রথম পুরো গভর্নরেটকে অভিযানের আওতায় আনা হয়েছে।’

তিনি জানান, সেনারা তাম্মুন ও তায়াসির শহর এবং আল-ফারা শরণার্থী শিবিরে অভিযান চালিয়েছে। তিনি আরও বলেন, ‘সেনারা শহরের প্রবেশপথগুলো মাটির বাঁধ দিয়ে বন্ধ করে দিয়েছে। তাই, কোনো ধরনের চলাচল নেই।’

আসাদ জানান, অভিযানে একটি অ্যাপাচি হেলিকপ্টার ব্যবহার করা হয়েছে, যা আবাসিক এলাকার দিকে গুলি ছুড়েছে। তার ভাষায়, ‘এটি রাজনৈতিক অভিযান, নিরাপত্তাজনিত নয়।’

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh