সব
স্বদেশ বিদেশ ডট কম

‘যার যার নির্বাচনী এলাকায় প্রশাসনকে আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে। আমাদের কথায় উঠবে, বসবে, গ্রেপ্তার করবে, মামলা করবে। পুলিশকে আপনার পিছনে পিছনে হাঁটতে হবে। থানার ওসি সকালে আপনার অনুষ্ঠান জেনে নিয়ে আপনাকে প্রটোকল দেবে।’ প্রশাসন নিয়ে চট্টগ্রামের জামায়াতে ইসলামীর নেতা শাহজাহান চৌধুরীর দেওয়া এই বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন।
প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের সংগঠনটি বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ প্রতিবাদ জানায়। আজ শুক্রবার বিবৃতিটি গণমাধ্যমে পাঠানো হয়।
শাহজাহান চৌধুরী চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে জামায়াতের মনোনীত প্রার্থী।
বিএএসএর সভাপতি ও গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক ও ঢাকার বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরীর সই করা বিবৃতিতে বলা হয়েছে, বিএএসএ নির্বাচন আয়োজনের সার্বিক প্রস্তুতি ও দায়িত্বশীল ভূমিকা পালনে এবং সর্বোচ্চ নিরপেক্ষতা ও পেশাদারির সঙ্গে নির্বাচন কমিশনকে সব সহযোগিতা করতে প্রতিশ্রুতিবদ্ধ।
এতে বলা হয়েছে, আমাদের কাজ রাষ্ট্রীয় নীতি বাস্তবায়ন করা, আইনানুগ দায়িত্ব পালন করা এবং যে কোনো নির্বাচনে সমান সুযোগ, নিরাপত্তা ও নিরপেক্ষতা নিশ্চিত করা। প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা কোনো রাজনৈতিক দল, মতাদর্শ বা গোষ্ঠীর সঙ্গে সম্পৃক্ত নন—এটি আমাদের পরিচয়ের মূল ভিত্তি এবং পেশাগত নৈতিকতার মূল উপাদান।
‘কিন্তু সম্প্রতি দুঃখজনকভাবে লক্ষ করা যাচ্ছে যে, রাজনৈতিক প্রচারণায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং বিভিন্ন গণমাধ্যমের টক শো বা আলোচনায় অংশগ্রহণকারীরা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের সম্পর্কে বিভ্রান্তিকর, উদ্দেশ্যমূলক বা রাজনৈতিকভাবে প্রভাবিত মন্তব্য করছেন।’
বিবৃতিতে আরো বলা হয়েছে, সম্প্রতি চট্টগ্রামের এক রাজনৈতিক জনসভায় শাহজাহান চৌধুরীর সরকারি প্রশাসনযন্ত্রকে অনিয়মতান্ত্রিকভাবে ব্যবহারের মানসে এক অনভিপ্রেত বক্তব্য আমাদের দৃষ্টি আকর্ষণ করেছে। আমরা এ ধরনের বক্তব্যের তীব্র প্রতিবাদ করছি এবং ভবিষ্যতে সবাইকে এ ধরনের দায়িত্বজ্ঞানহীন বক্তব্য প্রদান থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা যাচ্ছে।
একটি গ্রহণযোগ্য নির্বাচন করতে কর্মকর্তারা প্রতিশ্রুতিবদ্ধ জানিয়ে বিবৃতিতে বলা হয়েছে, জনগণের সার্বিক আস্থা অর্জন এবং নির্বাচনপ্রক্রিয়াকে স্বচ্ছ, নিরপেক্ষ, শান্তিপূর্ণ ও বিশ্বাসযোগ্য করতে আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত থাকবে।