লুটনে সূধী সমাবেশ : সমস্যা সমাধানে নেতৃত্বের গুণগত পরিবর্তনের আহ্বান জানালেন মিয়া গোলাম পরওয়ার

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ৪ ডিসেম্বর ২০২৫, ৭:০৪ অপরাহ্ণ

যুক্তরাজ্যের লুটনে ‘প্রবাসী ভয়েস লুটন’-এর উদ্যোগে ৩ ডিসেম্বর বুধবার সন্ধ্যায় একটি সূধী সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। সমাবেশে তিনি বলেন, “যখন একটি জাতির নৈতিকতা নষ্ট হয়ে যায়, তখন শুধু কাঠামোগত পরিবর্তন টেকসই সমাধান দিতে পারে না। সমস্যার মূল সমাধান হলো রাষ্ট্রের কাঠামো ও নেতৃত্বে গুণগত পরিবর্তন।”

সভাপতিত্ব করেন প্রবাসী ভয়েস লুটনের সভাপতি শরীফুর রহমান। সমাবেশে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের প্রবাসী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অধ্যাপক পরওয়ার আরও বলেন, দেশের নেতৃত্বের নৈতিক মান উন্নয়ন হলে দুর্নীতি হ্রাস পাবে এবং বিমানবন্দরে প্রবাসীদের হয়রানিসহ বহু সমস্যার স্বয়ংক্রিয় সমাধান হবে। তার অভিযোগ, “ফ্যাসিবাদী শক্তি রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকে ক্ষতিগ্রস্ত করেছে।” তিনি দাবি করেন, দেশপ্রেমিক ইসলামিক সরকার প্রতিষ্ঠা পেলে প্রবাসীদের দাবিগুলো স্বয়ংক্রিয়ভাবে পূরণ করা হবে।

তিনি বলেন, প্রবাসীদের ভোটাধিকার আদায়ে জামায়াত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে দলটির ওপর নানা নির্যাতন চালানো হয়েছে, শীর্ষ নেতৃত্বকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এবং দলকে নিষিদ্ধ করা হয়েছিল। তবে ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশে “নতুন সূর্য উদিত হয়েছে” বলে মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, আল্লাহর সন্তুষ্টি অর্জন ছাড়া আখিরাতের সফলতা সম্ভব নয় এবং আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠাই তাদের লক্ষ্য। আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে ইসলামি কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার আহ্বান জানান তিনি।

সমাবেশে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা সিদ্দিকুর রহমান। যৌথভাবে অনুষ্ঠান পরিচালনা করেন মাওলানা হাফেজ শাহীদ আহমদ ও আরাফাত মিজান।
বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর ইউরোপীয় মুখপাত্র ব্যারিস্টার আবু বকর মোল্লা।

অন্যান্য বক্তাদের মধ্যে উপস্থিত ছিলেন হকওয়েলরিং মসজিদের ইমাম মাওলানা ফখরুল ইসলাম, কমিউনিটি ব্যক্তিত্ব সৈয়দ তোফায়েল আহমেদ, আব্দুল করীম জলিল, আশরাফ উদ্দিন, আবু আহমদ সিদ্দিক, মাওলানা মুজিব মাহমুদ, মাওলানা তাসনিম মজুমদার, ফজলুর রহমান, ফখরুল আলম সেলিম, নাসিম এলাহী তুহিন প্রমুখ।

অনুষ্ঠানে লুটন কালচারাল গ্রুপ নাশিদ ও নির্বাচনী গান পরিবেশন করে উপস্থিতদের আনন্দিত করে তোলেন।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh