বেহাল অর্থনীতি ও বেফাঁস মন্তব্যে ট্রাম্পের জনসমর্থনে ভাটা

আন্তর্জাতিক ডেস্ক,

  • প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০২৫, ১২:১৭ অপরাহ্ণ

যুক্তরাষ্ট্রজুড়ে দ্রুত নিম্নগামী হচ্ছে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা। ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স-ইপসোসের সাম্প্রতিক জনমত সমীক্ষায় এই তথ্য উঠে এসেছে।

প্রতিবেদন অনুযায়ী, ৩৯ শতাংশ প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিক ট্রাম্পের কাজকে সমর্থন করেন বলে জানিয়েছেন। অথচ ডিসেম্বরের গোড়াতেও তা ছিল ৪১ শতাংশ!

‘অ্যাপ্রুভাল রেটিং’ নামের সর্বশেষ এই জনমত সমীক্ষা অনলাইন চালানো হয়। তিন দিনে এতে ১০১৬ জন মার্কিন নাগরিক মতামত দিয়েছেন। এই জনমত সমীক্ষার ফলাফলের সম্ভাব্য ভুল বা বিচ্যুতির পরিমাণ ৩ শতাংশ হতে পারে বলে রয়টার্স-ইপসোসের দাবি। গত বছরের জানুয়ারিতে ট্রাম্প যখন ক্ষমতায় আসেন, তখন তার জনপ্রিয়তা ছিল ৪৭ শতাংশ পয়েন্ট। কিন্তু দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে প্রবেশের পর থেকেই তার জনপ্রিয়তা নিম্নমুখী হতে শুরু করে।

শাটডাউনের ফলে আর্থিক ডামাডোলের জন্য প্রেসিডেন্টকে দুষেছেন মার্কিন আমজনতার একটি বড় অংশ। ট্রাম্প মার্কিন অর্থনীতিকে যেভাবে সামলাচ্ছেন, তা সমর্থন করছেন মাত্র ৩৩ শতাংশ মানুষ। ট্রাম্পের লাগামছাড়া কথাবার্তা সমর্থন করছেন না অনেক কট্টর রিপাবলিকান সমর্থকও।

মার্কিন প্রেসিডেন্ট সম্প্রতি ঘোষণা করেছেন, তৃতীয় বিশ্বের দেশগুলো থেকে অভিবাসন ও ভিসা স্থায়ীভাবে বন্ধ করা হতে পারে। এরপর থেকেই ভারত-সহ এশিয়া, আফ্রিকা ও দক্ষিণ আমেরিকা তথা ‘গ্লোবাল সাউথ’, থেকে আগত অভিবাসীদের মধ্যে প্রবল অস্থিরতা তৈরি হয়েছে। এই নীতিগত অবস্থান শুধু জাতিগত বিভাজন নয়, রাজনৈতিক ক্ষেত্রেও বড় প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।

একটি সাম্প্রতিক সমীক্ষায় দেখা গিয়েছিল, ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে যেসব প্রদেশে ট্রাম্প স্পষ্ট ব্যবধানে জিতেছিলেন, সেই ২০টি প্রদেশেই এখন তার ‘অ্যাপ্রুভাল রেটিং’ প্রতিপক্ষের তুলনায় কম। ট্রাম্পের নিজের দল রিপাবলিকান পার্টির ভোটারদের মধ্যে তার সার্বিক কাজ নিয়ে ৮৫ শতাংশের সমর্থন রয়েছে। কিন্তু সমীক্ষায় দেখা গেছে ট্রাম্পের অর্থনীতিকে সমর্থন করছেন মাত্র ৭২ শতাংশ রিপাবলিকান সমর্থক!

সূত্র: রয়টার্স

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh