সব
স্বদেশ বিদেশ ডট কম
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ইনকিলাব মঞ্চ।
সোমবার বেলা ৩টা ২০ মিনিটে রাজধানীর শাহবাগ মোড় থেকে এ কর্মসূচি শুরু হয়। মিছিলের আগে পৌনে ৩টা থেকে শাহবাগ মোড়ে এসে বিক্ষোভকারীরা জড়ো হতে শুরু করে।
মিছিলে ‘ইনকিলাবের পতাকায়, হাদি তোমায় দেখা যায়’, ‘গোলামী না আজাদী, আজাদী আজাদী’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা-ঢাকা’, তুমি কে, আমি কে, হাদি হাদি’ স্লোগান দেন তারা।
শাহবাগ থেকে মিছিলটি টিএসসি ঘুরে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
এর আগে জাতীয় জাদুঘরের সামনে জরুরি সংবাদ সম্মেলন করে হাদি হত্যার বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের।
তিনি বলেছেন, “ওসমান হাদির হত্যাকারী কারা, সেটা না জানিয়ে তড়িঘড়ি করে নির্বাচন দিয়ে চলে যাবেন—এটা হবে না। নির্বাচনের আগে বিচার নিশ্চিত করতে হবে, এর আগে কোনো নির্বাচন হবে না।
“ওসমান হাদি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত খুনি ও তাদের মদদদাতাদের বিচার না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বে না ইনকিলাব মঞ্চ।”
এফবিআইয়ের মতো গোয়েন্দা সংস্থাকে যুক্ত করে দ্রুত ‘বিচারিক ট্রাইব্যুনাল’ গঠন করার দাবিও জানানো হয় সংবাদ সম্মেলনে।
গত ১২ ডিসেম্বর দুপুর সোয়া ২টার দিকে রাজধানীর বিজয়নগর পানির ট্যাংকির সামনে রিকশায় করে যাওয়ার সময় ওসমান হাদির উপর আক্রমণ হয়। ওই সময় মোটরসাইকেলে করে এসে দুজন তাকে খুব কাছ থেকে গুলি করে পালিয়ে যায়।
পরে আশঙ্কাজনক অবস্থায় দ্রুত তাকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নেওয়া হয়। একপর্যায়ে পরিবারের ইচ্ছায় তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। এরপর সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তার চিকিৎসা চলে।
পরে উন্নত চিকিৎসার জন্য সোমবার এয়ার অ্যাম্বুলেন্সে করে হাদিকে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হয়েছিল; সেখানেই বৃহস্পতিবার তার মৃত্যু হয়। শনিবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জানাজা শেষে তাকে কবি নজরুল ইসলামের সমাধি প্রাঙ্গণে সমাহিত করা হয়েছে।