আমার দেশকে জড়িয়ে মিথ্যা প্রচারের অভিযোগে দু’জনের বিরুদ্ধে মামলা

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০২৫, ৪:০৫ অপরাহ্ণ

দৈনিক আমার দেশ পত্রিকাকে জড়িয়ে মিথ্যা ও বিদ্বেষমূলক প্রচারণার অভিযোগে দুই ব্যক্তির বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে মামলা করেছেন পত্রিকাটির সম্পাদক মাহমুদুর রহমান।

রোববার সকালে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালতে মামলার আবেদন করেন তিনি। আদালত মাহমুদুর রহমানের জবানবন্দি রেকর্ড করে মামলাটি আদেশের জন্য অপেক্ষমান রাখেন।

মামলার আসামিরা হলেন—প্রথম আলোর কলাম লেখক এ এফ এম রাশেদুল হক মল্লিক (মারুফ মল্লিক) এবং বিএনপির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এ কে এম ওয়াহিদুজ্জামান এপোলো।

মামলার অভিযোগে বলা হয়েছে, গত ১৯ ডিসেম্বর আসামিরা তাদের ফেসবুক অ্যাকাউন্টে আমার দেশ পত্রিকাকে জড়িয়ে এমন বক্তব্য দেন, যাতে দাবি করা হয় প্রথম আলো ও ডেইলি স্টারে হামলা ও অগ্নিসংযোগের ঘটনার সঙ্গে আমার দেশ সংশ্লিষ্ট। অভিযোগ অনুযায়ী, এসব বক্তব্য সম্পূর্ণ বানোয়াট এবং জনমনে পত্রিকাটির বিরুদ্ধে ঘৃণা ও বিদ্বেষ উসকে দেওয়ার উদ্দেশ্যে প্রচার করা হয়েছে।

এ ঘটনায় দণ্ডবিধির ৫০০ (মানহানি) ও ৫০৫ (উসকানিমূলক বক্তব্য) ধারায় মামলা দায়ের করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ও দৃষ্টান্তমূলক শাস্তির আবেদন জানানো হয়েছে।

শুনানিকালে আমার দেশ পত্রিকার পক্ষে সম্পাদক মাহমুদুর রহমান নিজে এবং ব্যারিস্টার তানভীর আল আমিন উপস্থিত ছিলেন। আদালত এ সময় জানান, ৫০৫ ধারার মামলায় সরকারের অনুমতি সাপেক্ষে আদেশ দেওয়া হবে।

আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মাহমুদুর রহমান বলেন, এই বক্তব্যগুলোকে তিনি আমার দেশ ও নিজের বিরুদ্ধে হুমকি হিসেবে দেখছেন। তার ভাষ্য অনুযায়ী, এটি শুধু মানহানিকর নয়, বরং মব সৃষ্টির প্রচেষ্টা। তিনি জানান, ঘটনার পর আমার দেশ পত্রিকায় প্রকাশিত সংবাদে জনগণকে সংযত থাকার আহ্বান জানানো হয়েছে এবং প্রথম আলো ও ডেইলি স্টার রক্ষার কথাও বলা হয়েছে।

উল্লেখ্য, গত ১৮ ডিসেম্বর শহীদ ওসমান হাদির সিঙ্গাপুরে ইন্তেকালের খবর প্রকাশের পর একদল উচ্ছৃঙ্খল জনতা প্রথম আলোর সহযোগী প্রতিষ্ঠান প্রথমা অফিস ও ডেইলি স্টারে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ চালায়। ওই ঘটনায় পুলিশ ইতোমধ্যে ১৮ জনকে গ্রেপ্তার করেছে।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh