ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পিকআপ উল্টে আহত ৯

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০২৫, ১১:৫২ পূর্বাহ্ণ

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার কামারখোলা রেল ওভারব্রিজের ঢালে পিকআপভ্যান উল্টে ৯ জন আহত হয়েছেন।

রোববার (২৮ ডিসেম্বর) রাত ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর প্রায় আধাঘণ্টা মাওয়ামুখী যান চলাচল বিঘ্নিত হয়। পরে দুর্ঘটনাকবলিত পিকআপ সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, কুমিল্লা থেকে ভাঙ্গা উপজেলার উদ্দেশ্যে যাওয়ার পথে পিকআপটির পেছনের একটি চাকা বিস্ফোরণে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়ে। পিকআপটিতে মেলার ডেকোরেশন এবং দোকানের মালামালসহ দোকানিদের বহন করা হচ্ছিল।

শ্রীনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার দেয়ান আজাদ হোসেন জানান, খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন। পরে তাদের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। আহতদের বাড়ি ভাঙ্গা উপজেলায় হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, দুর্ঘটনাকবলিত পিকআপটি উদ্ধার করে হাসাড়া হাইওয়ে থানায় নেয়া হয়েছে। বর্তমানে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh