সব
স্বদেশ বিদেশ ডট কম
বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে লন্ডন বাংলা প্রেস ক্লাব । মঙ্গলবার (৩০ ডিসেম্বর ২০২৫) প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ায় প্রেরিত এক বার্তায় ক্লাব সভাপতি মুহাম্মদ জুবায়ের, সাধারণ সম্পাদক তাইসির মাহমুদ ও ট্রেজারার সালেহ আহমদ এই শোক প্রকাশ করেন ।
শোক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত ও মর্মাহত। দেশ ও জাতির সার্বভৌমত্বের প্রশ্নে খালেদা জিয়া ছিলেন আমৃত্যু আপসহীন । তিনি ছিলেন প্রচণ্ড ব্যক্তিত্ববান দৃঢ়চেতা খাঁটি দেশপ্রেমিক রাজনীতিবিদ । চলনে বলনে তিনি এক অনন্য উচ্চতায় আসীন হয়েছিলেন । রাজনৈতিক মতপার্থক্য সত্ত্বেও জাতির কল্যাণে তাঁর দীর্ঘ রাজনৈতিক যাত্রা, গণমুখী নেতৃত্ব এবং দৃঢ় মনোবল সব সময় পথ দেখিয়েছে । তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবন ভবিষ্যৎ প্রজন্মের কাছে অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে । তাঁর মৃত্যুতে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি দীর্ঘ অধ্যায়ের সমাপ্তি ঘটল । দেশ একজন অভিজ্ঞ ও পরীক্ষিত রাজনীতিককে হারাল।
প্রেস ক্লাব নেতৃবৃন্দ বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবার ও বিএনপি পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন । এই কঠিন সময়ে ধৈর্য্য ধারনের শক্তি দানের জন্য তাঁরা মহান আল্লাহর কাছে দোয়া করেন।
উল্লেখ্য, ৩০ ডিসেম্বর মঙ্গলবার বাংলাদেশ সময় ভোর ৬টায় রাজধানী ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন খালেদা জিয়া । বুধবার (৩১ ডিসেম্বর) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে জানাজা শেষে খালেদা জিয়াকে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে তাঁর স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করার কথা রয়েছে।