সব
স্বদেশ বিদেশ ডট কম

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজায় মাদারীপুরের কালকিনী থেকে এসেছেন ১১০ বছরের বৃদ্ধ মৌলভী আব্দুর রশিদ। তিনি দেশের প্রতি তার দেশপ্রেম এবং খালেদা জিয়ার অনড় নেতৃত্বের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।
বুধবার (৩১ ডিসেম্বর) রাজধানীর কারওয়ান বাজার সড়কে দেখা যায় ১১০ বছরের বৃদ্ধ মৌলভী আব্দুর রশিদকে, যিনি মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত খালেদা জিয়ার জানাজার অনুষ্ঠানে অংশগ্রহণ করতে এসেছেন।
তিনি বলেন, “আমি জিয়াউর রহমানের ভক্ত ছিলাম। তার দেশপ্রেমে আমি মুগ্ধ হতাম। জিয়ার মৃত্যুর পর তার জানাজায়ও অংশগ্রহণ করেছিলাম। তখনও লাখ লাখ মানুষ হয়েছিল। জিয়ার মৃত্যুর পর তার দেশপ্রেম দেখেছি খালেদা জিয়ার মধ্যে। তিনি কখনও নৈতিকতাকে বিসর্জন দেননি।”
নিজের বয়স ১১০ বছর উল্লেখ করে মৌলভী আব্দুর রশিদ বলেন, “খালেদা জিয়া হাজারও জেল-জুলুম, অত্যাচারের শিকার হয়েও কখনও আপস করেননি। তার মতো নেত্রী বাংলাদেশের মাটিতে আর জন্ম নেবে বলে মনে হয় না। বাংলাদেশ খাঁটি একজন দেশপ্রেমিক হারালো। খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণ করতে পারলে আফসোস থেকে যেত। তাই এই শরীর নিয়েও চলে এসেছি।”
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজা বেলা ৩টা ৫ মিনিটে মানিক মিয়া অ্যাভিনিউতে সম্পন্ন হয়। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক জানাজা পড়ান।
জানাজাকে কেন্দ্র করে বেলা ৩টা পর্যন্ত মানিক মিয়া অ্যাভিনিউ ও আশপাশের এলাকা, বিজয় সরণি, খামার বাড়ি, কারওয়ান বাজার, ফার্মগেট, শাহবাগ এবং মোহাম্মদপুর পর্যন্ত জনসমাগম ছিল অসাধারণ।