ম্যানচেস্টার–সিলেট সরাসরি ফ্লাইট স্থগিতে প্রবাসীদের ক্ষোভ, কার্ডিফে প্রতিবাদ সভা

নুরুল ইসলাম,

  • প্রকাশিত: ৬ জানুয়ারি ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ণ

বৃটেনের ম্যানচেস্টার থেকে সিলেট–ঢাকা সরাসরি ফ্লাইট সাময়িক স্থগিতের সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে ফ্লাইট চালুর দাবিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের সাউথ ওয়েলস রিজিওনের উদ্যোগে রোববার (৪ জানুয়ারি) রাত ১১টায় কার্ডিফ ওয়েলফেয়ার সেন্টারে এ সভা আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন সাউথ ওয়েলস রিজিওনের কনভেনর মোহাম্মদ মুজিবুর রহমান। যৌথভাবে সভা পরিচালনা করেন সদস্য সচিব রকিবুর রহমান ও অর্থ সচিব এবি রুনেল। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন Greater Sylhet Community UK-এর কেন্দ্রীয় কনভেনর ও UK BD TV-এর চেয়ারম্যান কমিউনিটি লিডার মোহাম্মদ মকিস মনসুর।

বক্তারা বলেন, Biman Bangladesh Airlines কর্তৃপক্ষ আগামী ১ ফেব্রুয়ারি ২০২৬ থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ম্যানচেস্টার–সিলেট ফ্লাইট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে, যা প্রবাসীদের মধ্যে গভীর হতাশা ও ক্ষোভের সৃষ্টি করেছে। উড়োজাহাজের স্বল্পতা, আসন্ন হজ কার্যক্রম ও রক্ষণাবেক্ষণকে কারণ দেখিয়ে এই লাভজনক রুট বন্ধ করা আত্মঘাতী সিদ্ধান্ত বলে মন্তব্য করেন বক্তারা।

মোহাম্মদ মকিস মনসুর বলেন, হজ কার্যক্রম পরিচালনার প্রয়োজন হলে সরকার চাইলে চার্টার্ড বিমানের ব্যবস্থা করতে পারে। অথচ লাভজনক রুট বন্ধ করে প্রবাসীবান্ধব যোগাযোগ ব্যবস্থায় আঘাত করা হচ্ছে। তিনি এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়ে দ্রুত ফ্লাইট চালুর কার্যকর পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানান।

সভায় অন্যান্য বক্তারা সতর্ক করে বলেন, এ ধরনের সিদ্ধান্ত থেকে সরে না এলে প্রবাসীদের সঙ্গে নিয়ে বিমান বয়কট ও রেমিট্যান্স শাটডাউনের মতো কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হতে পারেন তারা। পাশাপাশি সিলেট ওসমানী বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীত করা এবং অন্যান্য আন্তর্জাতিক এয়ারলাইন্সের ফ্লাইট চালুর দাবিও জোরালোভাবে তোলা হয়।

সভায় কেন্দ্রীয় ও রিজিওনাল নেতৃবৃন্দ, বিভিন্ন শহর থেকে আগত সংগঠক, ব্যবসায়ী প্রতিনিধি এবং কমিউনিটির বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh