চট্টগ্রামের রাউজানে যুবদলের নেতাকে গুলি করে হত্যা

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ৬ জানুয়ারি ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ণ

চট্টগ্রামের রাউজানে স্থানীয় যুবদল নেতাকে তার বাড়ির কাছে গুলি করে হত্যা করা হয়েছে। সোমবার রাত সাড়ে ৮টার দিকে রাউজানের পূর্ব গুজরা ইউনিয়নের অলিমিয়ার হাট এলাকার শিকদার পাড়ায় এই ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

নিহত জানে আলম শিকদার (৪৮) রাউজান উপজেলা যুবদলের সদস্য এবং পূর্ব গুজরা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ছিলেন। শিকদার পাড়া এলাকায় তার বাড়ি। স্থানীয়রা জানিয়েছেন, তিনি এলাকার রাজনীতি ও আধিপত্যের ক্ষেত্রে প্রভাবশালী ব্যক্তি ছিলেন।

রাউজান থানার ওসি মোহাম্মদ সাজেদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জানে আলম স্থানীয় বাজার থেকে বাড়ি ফিরছিলেন। সেসময় মোটরসাইকেলে আসা সন্ত্রাসীরা তাকে গুলি করে পালিয়ে যায়। গুরুতর আহতাবস্থায় তাকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানেই তিনি মারা গেছেন।”

স্থানীয় সাংবাদিকরা জানান, যুবদল নেতা জানে আলম ত্রয়োদশ সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৭ (রাউজান) আসনে বিএনপির মনোনয়নপ্রাপ্ত গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত ছিলেন। এই আসনে বিএনপি মনোনীত অপর প্রার্থী ছিলেন উত্তর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক গোলাম আকবর খোন্দকার।

রাউজান উপজেলায় ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে রাজনৈতিক সহিংসতাসহ বিভিন্ন ঘটনায় ১৭ জনের বেশি নিহত হয়েছেন।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh