সব
স্বদেশ বিদেশ ডট কম

নিকোলা মাদুরো যুক্তরাষ্ট্রের আদালতে মাদক-সন্ত্রাসবাদ সংক্রান্ত মামলায় নিজেকে নির্দোষ দাবি করেছেন। তিনি বিচারককে বলেন, “আমি আমার দেশের প্রেসিডেন্ট। আমাকে ধরে নিয়ে আসা হয়েছে।” সোমবার (৫ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ম্যানহাটনের একটি আদালতে তাকে হাজির করা হয়।
এর আগে গত শনিবার ভেনেজুয়েলায় হামলা চালিয়ে প্রেসিডেন্ট নিকোলা মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে যুক্তরাষ্ট্র এবং পরে তাদের নিউইয়র্কে নিয়ে যাওয়া হয় বলে জানানো হয়েছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, আদালতে হাজির হয়ে মাদুরোর স্ত্রী সিলিয়া ফ্লোরেসও মাদক সংক্রান্ত অভিযোগ থেকে নিজেকে নির্দোষ দাবি করেন।
শুনানিকালে বিচারক অ্যালভিন হেলারস্টাইন মাদুরোর বিরুদ্ধে আনা অভিযোগগুলো পড়ে শোনান এবং তার বক্তব্য জানতে চান। জবাবে মাদুরো বলেন, “আমি নির্দোষ। এখানে যে অভিযোগগুলোর কথা বলা হয়েছে, সেগুলোর কোনোটি আমি করিনি।”
এদিকে মাদুরোর আইনজীবী জানিয়েছেন, আপাতত তার মক্কেল জামিনে মুক্তির জন্য কোনো আবেদন করছেন না। তবে ভবিষ্যতে এ বিষয়ে আবেদন করা হতে পারে। মার্কিন একাধিক গণমাধ্যমের বরাতে এ তথ্য জানা গেছে।
আলজাজিরার প্রতিবেদনে আরও বলা হয়, শুনানি শেষে আদালত মাদুরোর পরবর্তী হাজিরার দিন আগামী ১৭ মার্চ নির্ধারণ করেছেন। বিচারক অ্যালভিন হেলারস্টাইন এ নির্দেশ দেন।