ভুল তথ্য দেওয়ার জন্য ফেসবুকে ভিডিও বার্তায় জোভানের দুঃখ প্রকাশ

বিনোদন ডেস্ক,

  • প্রকাশিত: ৭ জানুয়ারি ২০২৬, ৭:২৩ অপরাহ্ণ

হঠাৎ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে দুঃখ প্রকাশ করেছেন অভিনেতা ফারহান আহমেদ জোভান। ভিডিও বার্তার ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আমি দুঃখিত।’ ভিডিওতে তিনি জানান, সম্প্রতি একটি অনুষ্ঠানে অংশ নিয়ে ব্যক্তিগত কিছু বোঝাপড়া নিয়ে ভুল তথ্য দিয়েছেন, যা বলা তার ঠিক হয়নি। এ জন্য তিনি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন।

ভিডিও বার্তায় জোভান বলেন, “রিসেন্টলি একটি সাক্ষাৎকারে আমি কিছু ভুল কথা বলেছি। যে কারণে আমি আজ সবার সামনে বলতে চাই, যে কথাগুলো আমি বলেছি, সেটি মন থেকে আসেনি। এই কথাগুলো স্ক্রিপটেড ছিল। এগুলো সাজানো ছিল।” তিনি আরও বলেন, অনুষ্ঠানে তাকে যেসব কথা বলা হয়েছিল, সেগুলো শিখিয়ে দেওয়া হয়েছিল।ফারহান আহমেদ জোভান

ভিডিওতে জোভানের পাশে বসে থাকতে দেখা যায় তাঁর স্ত্রীকে। কেন তিনি স্ত্রীকে সঙ্গে নিয়ে ভিডিওতে হাজির হয়েছেন, সে বিষয়ে তিনি কোনো ব্যাখ্যা দেননি। বক্তব্য দেওয়ার সময় জোভান একটি চিঠি সামনে এনে তা দেখে পড়তে থাকেন এবং বলেন, “আমি আসলে অনুষ্ঠানে একটু বেশিই বলে ফেলেছি। এগুলো বলা আমার ঠিক হয়নি।”ফারহান আহমেদ জোভান

এই কথাগুলো বলার পর তিনি পেছনে বসে থাকা স্ত্রীর দিকে তাকান। স্ত্রী তাঁর কথায় সায় দিলেও পরে দুজনকেই হাসতে দেখা যায়। এরপর আবারও দুঃখ প্রকাশ করে জোভান বলেন, “দুঃখিত, আমার অতটা বলা ঠিক হয়নি। বেশি বলায় আমি অনুতপ্ত, খুবই লজ্জিত সমাজ ও বউয়ের কাছে। আমি আশা করি, আমার বউ আমাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবে।” পরে তিনি মজা করে স্ত্রীর দিকে তাকিয়ে বলেন, “আর তো কিছু বলার নাই, সবই বলেছি।” এ সময় তাঁর স্ত্রী হাসতে থাকেন।

উল্লেখ্য, কয়েক দিন আগে জোভান প্রথমবারের মতো ব্যক্তিজীবনের কিছু অপ্রকাশিত অভিজ্ঞতা শেয়ার করেন একটি পডকাস্ট অনুষ্ঠানে। ‘বিহাইন্ড দ্য ফেম উইথ আরআরকে’ শিরোনামের ওই পডকাস্টে প্রেম ও বিচ্ছেদ নিয়ে মুখ খোলেন তিনি। সেখানে তিনি জানান, অভিনয়জীবনের কয়েক বছর পর একটি সম্পর্কে জড়িয়েছিলেন, যার স্থায়িত্ব ছিল মাত্র এক মাস।

জোভান বলেন, “সম্পর্কটার সময় খুব বেশি ছিল না; কিন্তু শেষ হয়ে যাওয়ার পর নিজেকে সামলাতে কষ্ট হচ্ছিল। এমনও হয়েছে, মাঝরাস্তায় দাঁড়িয়ে শিশুর মতো কেঁদেছি।” তাঁর এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়, যার পরিপ্রেক্ষিতেই ফেসবুকে দুঃখ প্রকাশের এই ভিডিও বার্তা দেন অভিনেতা।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh