সব
সিলেট ব্যুরো অফিস,
সিলেট প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সাথে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেটের শীর্ষস্থানীয় পত্রিকা দৈনিক সিলেটের ডাক-এর সম্পাদকমণ্ডলী সভাপতি, অসংখ্য শিক্ষা ও সেবাধর্মী প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা রাগীব আলী বলেছেন, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে সমাজের ইতিবাচক পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে সংবাদপত্র ও সাংবাদিক সমাজ। নৈতিকতা ও পেশাদারিত্ব বজায় রেখে সংবাদ পরিবেশন করলে জাতি উপকৃত হয়। একই সাথে সামগ্রিক উন্নয়ন তথা শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক অগ্রগতিতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
গতকাল রোববার রাতে দৈনিক সিলেটের ডাক এর আয়োজনে শুভেচ্ছা বিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন তিনি।
নগরীর মধুবন মার্কেটস্থ রাগীব রাবেয়া ফাউন্ডেশনের রাগীব রাবেয়া মিউজিয়ামে অনুষ্ঠিত শুভেচ্ছা বিনিময় সভায় সভাপতিত্ব করেন দৈনিক সিলেটের ডাক এর অতিথি সম্পাদক নজরুল ইসলাম বাসন। সম্মানিত অতিথির বক্তব্য রাখেন সিলেট প্রেসক্লাবের নব নির্বাচিত সভাপতি মুকতাবিস-উন-নূর, সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো: তাজ উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন দৈনিক সিলেটের ডাক এর প্রধান বার্তা সম্পাদক এনামুল হক জুবের। সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলামের সঞ্চালনায় কমিটির নির্বাচিতদের পক্ষে বক্তব্য রাখেন সহ সভাপতি ফয়ছল আলম।
সভায় উপস্থিত ছিলেন রাগীব রাবেয়া ফাউন্ডেশনের সচিব ইঞ্জিনিয়ার মো: লুৎফুর রহমান, সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকরামুল কবির, সাবেক সাধারণ সম্পাদক সমরেন্দ্র বিশ্বাস সমর, সাবেক কোষাধ্যক্ষ কাউসার চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক আহমাদ সেলিম, সিলেট প্রেসক্লাবের নব নির্বাচিত কোষাধ্যক্ষ ফয়সল আমীন, সহ-সাধারণ সম্পাদক খালেদ আহমদ, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক শেখ আশরাফুল আলম নাসির, পাঠাগার ও প্রকাশনা সম্পাদক মো: মুহিবুর রহমান, দৈনিক সিলেটের ডাক এর সিনিয়র রিপোর্টার নূর আহমদ, এনামুল হক রেনু, বিজ্ঞাপন সেকশনের মো: রফিকুল ইসলাম, আবু তাহের ও মীর্জা এহিয়া আহমদ আলমগীর, প্রুফ সেকশনের প্রদীপ চন্দ্র দাস, বিপণন ব্যবস্থাপক স্বপন মাহমুদ, সহ-বিপণন ব্যবস্থাপক রাসেল আহমদ আনিস, সাপোর্ট স্টাফ ইকবাল বাহার তালুকদার, রুবেল আহমদ প্রমুখ। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন স্টাফ রিপোর্টার লবীব আহমদ। মোনাজাত পরিচালনা করেন সাহিত্য সম্পাদক ফায়যুর রহমান।
সম্মানিত অতিথির বক্তব্যে সিলেট প্রেসক্লাব সভাপতি মুকতাবিস-উন-নূর বলেন, সিলেট প্রেসক্লাবের অকৃত্রিম বন্ধু ডাক সম্পাদকমণ্ডলীর সভাপতি রাগীব আলীর অবদান ক্লাব সদস্যরা আজীবন স্মরণ রাখবেন। প্রেসক্লাবের ভবন নির্মাণ প্রসঙ্গে মুকতাবিস-উন-নূর বলেন, জরাজীর্ণ বিল্ডিংয়ে যখন ক্লাব কার্যক্রম চলছিলো, তখন নতুন ভবন নির্মাণের জন্য তিনি হাত বাড়িয়ে দিয়েছিলেন। ক্লাবের সাথে রাগীব আলীর সম্পর্ক অবিচ্ছেদ্য।
সিলেটের ডাক-এর সম্পাদক বেগম রাবেয়া খাতুন চৌধুরীরও অবদান রয়েছে। আমরা রাগীব আলীর নেক হায়াত ও মরহুমা বেগম রাবেয়া খাতুন চৌধুরীর রুহের মাগফেরাত কামনা করি।
লিডিং ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো: তাজ উদ্দিন বলেন, সিলেট প্রেসক্লাব ও দৈনিক সিলেটের ডাক সিলেট অঞ্চলের সংবাদপত্রের বিকাশে রোল মডেল। এই ক্লাবের গতিশীল নেতৃত্ব সিলেট অঞ্চলের সংবাদপত্রের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
দৈনিক সিলেটের ডাক এর প্রধান বার্তা সম্পাদক এনামুল হক জুবের ড. রাগীব আলীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, তাঁর মতো সমাজহিতৈষী ব্যক্তিত্বের পরামর্শ ও সহযোগিতা সাংবাদিক সমাজের জন্য অনুপ্রেরণাদায়ক। সিলেট সংবাদপত্রকে শিল্পায়নে তার ভূমিকা অনন্য।
সভাপতির বক্তব্যে নজরুল ইসলাম বাসন বলেন, ড. রাগীব আলীর মতো সমাজহিতৈষী ব্যক্তিত্বের দিকনির্দেশনা সাংবাদিকদের জন্য অনুপ্রেরণার উৎস। ভবিষ্যতেও সিলেটের উন্নয়ন ও জনস্বার্থে প্রেসক্লাব গঠনমূলক ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন তিনি।
মতবিনিময় সভায় সিলেটের সার্বিক উন্নয়ন, সামাজিক দায়বদ্ধতা ও সাংবাদিকতার ভূমিকা নিয়ে আলোচনা হয়। সভা শেষে পারস্পরিক সৌহার্দ্য ও সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।