সব
স্বদেশ বিদেশ ডট কম

বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা (ইমিগ্র্যান্ট ভিসা) দেওয়ার প্রক্রিয়া স্থগিত করছে যুক্তরাষ্ট্র। ২১ জানুয়ারি থেকে এই সিদ্ধান্ত কার্যকর হচ্ছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের একটি নথিতে এমনটি উল্লেখ করা হয়েছে বলে বুধবার যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ফক্স নিউজ জানিয়েছে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্র বার্তা সংস্থা রয়টার্সকে ৭৫ দেশের অভিবাসী ভিসা আবেদনপ্রক্রিয়া স্থগিত করতে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তিনি পরিকল্পনার বিস্তারিত জানাননি।
এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর গতকাল এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে বলেছে, ‘পররাষ্ট্র দপ্তর ৭৫ দেশের ইমিগ্র্যান্ট ভিসাপ্রক্রিয়া স্থগিত করবে, যেসব দেশের অভিবাসীরা আমেরিকান জনগণের কাছ থেকে অগ্রহণযোগ্য হারে কল্যাণমূলক সুবিধা নিয়ে থাকেন। নতুন অভিবাসীরা আমেরিকান জনগণের কাছ থেকে সম্পদ বের করে নেবেন না, এটা যত দিন পর্যন্ত যুক্তরাষ্ট্র নিশ্চিত করতে না পারবে, তত দিন পর্যন্ত এই স্থগিত অবস্থা বহাল থাকবে।’
ফক্স নিউজের খবরে বলা হয়েছে, পররাষ্ট্র দপ্তরের নথি অনুযায়ী যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সহায়তা নিতে পারেন, এমন ব্যক্তিদের যাওয়া ঠেকাতে আবেদনকারীদের যাচাই-বাছাই প্রক্রিয়া পুনর্মূল্যায়ন করতে যাচ্ছে পররাষ্ট্র দপ্তর। এটি না হওয়া পর্যন্ত অভিবাসী ভিসা দেওয়ার প্রক্রিয়া স্থগিত থাকবে।
নথিতে যুক্তরাষ্ট্রের কনস্যুলার কর্মকর্তাদের বিদ্যমান আইনের আওতায় ভিসা না দিতে নির্দেশ দেওয়া হয়েছে। তবে কত দিন এই ভিসা দেওয়ার প্রক্রিয়া স্থগিত থাকবে, তা উল্লেখ করা হয়নি।
ওয়াশিংটন থেকে কূটনৈতিক সূত্রে জানা গেছে, অভিবাসী ভিসার ব্যাপারে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানতে পারেনি। তবে এ মাসের শুরুতে অভিবাসীদের মধ্যে কোন দেশের নাগরিকরা যুক্তরাষ্ট্রের বেশি সরকারি সহায়তা নিচ্ছেন, সে তালিকা প্রকাশের পর থেকেই ট্রাম্প প্রশাসনের কঠোর পদক্ষেপের ইঙ্গিত ছিল বলে কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে।