সব
স্বদেশ বিদেশ ডট কম

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্য রাষ্ট্রগুলোর সেনাবাহিনীকে এবার সন্ত্রাসী গোষ্ঠী আখ্যায়িত করেছে ইরান। এর আগে ইইউ ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্পসকে (আইআরজিসি) সন্ত্রাসী ঘোষণা করে। তার প্রেক্ষিতে ইরানের পার্লামেন্টের স্পিকার পার্লামেন্টে দেওয়া বক্তব্যে এমন ঘোষণা করেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ সংসদে বক্তব্য দিতে গিয়ে বলেন, “বিপ্লবী গার্ডকে আঘাত করার চেষ্টা করে ইউরোপীয়রা আসলে নিজেদের পায়ে নিজেরাই কুড়াল মেরেছে। তারা আবারও অন্ধভাবে আমেরিকার অনুসরণ করে নিজেদের জনগণের স্বার্থবিরোধী সিদ্ধান্ত নিয়েছে।” এ সময় সংসদ সদস্যরা আইআরজিসি’র পোশাক পরে উপস্থিত ছিলেন, যা গার্ড বাহিনীর প্রতি সংহতির প্রতীক। কালিবাফ আরও জানান, ইরানের আইনে এখন থেকে ইউরোপীয় সেনাবাহিনীকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে গণ্য করা হবে।
তিনি বলেন, জাতীয় নিরাপত্তা কমিশন সম্ভাব্য পদক্ষেপগুলো পর্যালোচনা করবে, যার মধ্যে ইউরোপীয় সামরিক প্রতিনিধিদের বহিষ্কারও থাকতে পারে। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করা হবে।
গত ডিসেম্বর-জানুয়ারি মাসে ইরানের সবচেয়ে বড় বিক্ষোভ ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্পস ব্যাপক নিপীড়নের মাধ্যমে দমন করে ফেলে। ব্যাপক প্রাণঘাতি এই বিক্ষোভ দমনের প্রক্রিয়ার কারণেই ইইউ সম্প্রতি আইআরজিসিকে সন্ত্রাসী তালিকাভুক্ত করেছে।
১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর প্রতিষ্ঠিত বিপ্লবী গার্ড বাহিনী শিয়া ধর্মীয় শাসনব্যবস্থাকে রক্ষা করে আসছে। পাশাপাশি তারা ইরানের অর্থনীতি ও সামরিক কাঠামোর ওপরও ব্যাপক প্রভাব বিস্তার করে।