সব
স্বদেশ বিদেশ ডট কম

রাজধানীর মগবাজারে রোববার দুপুরে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন দলের প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের। ছবি: সংগৃহীত
জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের অভিযোগ করে বলেছেন, ষড়যন্ত্রমূলকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে।
রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এহসানুল মাহবুব জুবায়ের এ কথা বলেন।
এহসানুল মাহবুব জুবায়ের বলেন, জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট অত্যন্ত ষড়যন্ত্রমূলকভাবে কে বা কারা হ্যাক করেছে। জামায়াতের তথ্যপ্রযুক্তি দল এ বিষয়ে খোঁজখবর নিচ্ছে। কারা এ কাজ করেছে, সেটি জানার চেষ্টা করছে। যারা জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক করেছে, তারা কয়েক দিন ধরেই এ প্রস্তুতি নিচ্ছে বলেন তিনি।
তিনি আরও বলেন, এখানে একটা গভীর ষড়যন্ত্র আছে। জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক করে তারা কিছু খারাপ ও আপত্তিকর পোস্ট দিয়েছে। এতে বোঝা যায়, ঠাকুরঘরে কে রে, আমি কলা খাইনি। কিছু লোক তাৎক্ষণিক কর্মসূচি দিয়েছে। জামায়াতের আশঙ্কা, এ কাজের সঙ্গে বিশেষ একটি দল বা তাদের সাইবার টিমের কিছু চক্রান্ত ও ষড়যন্ত্রকারী জড়িত আছে।
তবে কোন দল এ কাজ করছে, সে বিষয়ে সরাসরি কারও নাম বলেননি জামায়াতের এই নেতা।
জুবায়ের বলেন, অ্যাকাউন্ট হ্যাকের বিষয়ে গতকাল শনিবার রাতেই থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পরবর্তী সময়ে আইনিসহ সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে।
জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাককে ‘চরম বাড়াবাড়িমূলক কাজ’ উল্লেখ করে এহসানুল মাহবুব জুবায়ের বলেন, এ কাজের মাধ্যমে জামায়াতে ইসলামীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার একটি অপপ্রয়াস দেখা যাচ্ছে। জামায়াতকে জনগণের সামনে হেয় করে দেখানোর চেষ্টা হচ্ছে। নারীদের সম্মানের বিষয়ে জামায়াতের অবস্থান একেবারেই স্পষ্ট। দলের আমির নির্বাচনী জনসভাগুলোয় নারীদের সম্মান করার বিষয়টি বারবার বলে যাচ্ছেন। এ কারণে একদল লোক জামায়াতকে প্রশ্নবিদ্ধ করতে গভীর ষড়যন্ত্র করছে। এ বিষয়ে নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করা হবে, তারা যেন প্রয়োজনীয় পদক্ষেপ নেয়।
সংবাদ সম্মেলনে জামায়াতের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব আবদুল হালিমসহ অন্যরা উপস্থিত ছিলেন।