সব
সিলেট ব্যুরো অফিস,
সিলেট-১ (সদর ও মহানগর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির ‘কর্মসংস্থান, সিলেট উন্নয়ন ও রূপান্তর’ শীর্ষক তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে নগরীর শাহী ঈদগাহ এলাকায় প্রধান নির্বাচনী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই ইশতেহার আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করেন।
ইশতেহারে সিলেটকে একটি আধুনিক, নিরাপদ ও বাসযোগ্য স্মার্ট নগরী হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এ লক্ষ্যে ১১টি অগ্রাধিকারমূলক খাত চিহ্নিত করে একটি বিস্তারিত রোডম্যাপ তুলে ধরা হয়।
তরুণদের কর্মসংস্থান ও অর্থনৈতিক উন্নয়নে জোর
ইশতেহারের সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে তরুণ প্রজন্মের কর্মসংস্থান সৃষ্টিকে। এ জন্য বেশ কিছু পরিকল্পনা ঘোষণা করা হয়েছে:
সিলেট আইটি ও ইনোভেশন হাব প্রতিষ্ঠা করে আইটি পার্ক স্থাপন, ফ্রিল্যান্সারদের জন্য কো-ওয়ার্কিং স্পেস এবং আইটি পেশায় প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।
ওয়ান স্টপ ক্যারিয়ার ও জব সেন্টার চালু করা হবে।
এসএমই ও স্টার্টআপ উদ্যোক্তাদের জন্য ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড গঠন, সহজ ঋণ ও নিবন্ধন প্রক্রিয়া সহজীকরণের উদ্যোগ নেওয়া হবে।
প্রবাসী বিনিয়োগকারীদের সম্পৃক্ত করে একটি ইনভেস্টমেন্ট অ্যাডভাইজরি বোর্ড গঠন এবং প্রত্যেক বিনিয়োগকারীর জন্য একজন করে ডেডিকেটেড ‘ক্যাপ্টেন’ নিয়োগ দেওয়ার প্রস্তাব করা হয়েছে।
ডেন্টাল ট্যুরিজম বিকাশে সিলেটকে একটি আন্তর্জাতিক হাব হিসেবে গড়ে তোলার পরিকল্পনা উল্লেখ করা হয়েছে।
কৃষি, পর্যটন ও চা শিল্পের রূপান্তর
ইশতেহারের অন্যান্য উল্লেখযোগ্য অঙ্গীকারগুলোর মধ্যে রয়েছে:
কৃষি আধুনিকায়ন: পানিনিষ্কাশন ও সেচ সুবিধা সম্প্রসারণ করে বাড়তি ফসল উৎপাদন, সবজি রপ্তানির কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা এবং এগ্রো-প্রসেসিং ইউনিট ও কোল্ড স্টোরেজ স্থাপনে সহায়তা।
পর্যটন ও সংস্কৃতি: বিভিন্ন নৃ-গোষ্ঠীর স্থাপত্য সংরক্ষণ, লোকজ ও মরমী সঙ্গীতের প্রসার, নারীবান্ধব পর্যটন জোন ও স্ট্রিট ফুড করিডোর তৈরি।
চা শিল্প ও শ্রমিক উন্নয়ন: চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন, চা বাগানে বিদ্যালয় প্রতিষ্ঠা, সৌরবিদ্যুৎ স্থাপন এবং চা বিক্রয়ের নিলাম ব্যবস্থা সংশোধন।
নারীবান্ধব শহর: নারীদের জন্য পর্যাপ্ত পাবলিক টয়লেট, নিরাপদ যাতায়াতের জন্য শুধুমাত্র নারীদের বাস সার্ভিস চালু এবং নারী উদ্যোক্তাদের জন্য সহায়তা তহবিল ও ঋণ সুবিধা।
অবকাঠামো, স্বাস্থ্য ও শিক্ষা
অন্যান্য ক্ষেত্রের অঙ্গীকারগুলো হলো:
নগর উন্নয়ন: জলাবদ্ধতা নিরসনে খাল খনন, যানজট নিরসনে মনোরেলের সম্ভাব্যতা যাচাই, আধুনিক ট্রাফিক ব্যবস্থা এবং ওয়ার্ডভিত্তিক খেলার মাঠ ও শরীরচর্চার কেন্দ্র স্থাপন।
স্বাস্থ্যখাত: ওসমানী মেডিকেল, শাহপরান ও সদর হাসপাতালের সক্ষমতা ও মানোন্নয়ন, কমিউনিটি ক্লিনিক শক্তিশালীকরণ এবং সিলেট মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের অধীনে নতুন জেনারেল হাসপাতাল প্রতিষ্ঠা।
শিক্ষা: প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের সক্ষমতা বৃদ্ধি এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য অন্তর্ভুক্তিমূলক ডে কেয়ার সেন্টার স্থাপন।
সংবাদ সম্মেলনে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, সিলেটের মানুষের প্রত্যাশা পূরণে তিনি দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ। নির্বাচিত হলে একটি নিরাপদ, উন্নত ও বাসযোগ্য সিলেট গড়ে তুলতে কাজ করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, সংবাদ সম্মেলনে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।