সব
স্বদেশ বিদেশ ডট কম
নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে থালা-বাটি হাতে ভুখা মিছিল করছেন সরকারি কর্মচারীরা।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয়ে কর্মসূচি পালন শুরু করেন তারা। পরে ভুখা মিছিল নিয়ে শাহবাগ এলাকায় পৌঁছালে পুলিশ জলকামান নিক্ষেপ করে। সাউন্ড গ্রেনেড জলকামানে সরকারি কর্মচারীদের যমুনার সামনে থেকে সরাল পুলিশ
তারা পুলিশের বাধা উপেক্ষা করে প্রধান উপদেষ্টার বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবনের দিকে এগিয়ে যান। পরে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে অবস্থান নেন তারা। সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের ব্যানারে এ কর্মসূচি পালন করা হচ্ছে। পে স্কেলের গেজেট প্রকাশ এবং ১ জানুয়ারি থেকে কার্যকরের দাবি জানিয়েছেন তারা।
এর আগে দাবি আদায় টানা তিনদিন দুই ঘণ্টা করে কর্মবিরতি পালন করেন সরকারি কর্মচারীরা। পরে বৃহস্পতিবার চার ঘণ্টা কর্মবিরতি কর্মসূচি পালন করেছেন তারা। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ শুক্রবার শহীদ মিনার থেকে মিছিল বের করেন তারা।
আন্দোলনকারীরা বলেন, সময় বাড়িয়ে ৪ ঘণ্টা কর্মবিরতি পালন করেছি। সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত সারাদেশে সব সরকারি, আধা সরকারি ও পে স্কেলের আওতাভুক্ত অফিসে এ কর্মসূচি পালন করা হয়েছে। আজ বড় জমায়েতের ঘোষণা দিয়ে রেখেছিলেন তারা।
এর আগে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সরকারি কর্মচারী দাবি আদায় পরিষদের মুখ্য সমন্বয়ক ওয়ারেস আলী গণমাধ্যমকে বলেন, ২২ লাখ সরকারি কর্মচারীর দীর্ঘ দিনের চলমান আন্দোলন ও দাবির প্রতি সরকার কর্ণপাত না করায় আমরা মর্মাহত। এখন পর্যন্ত আমাদের সঙ্গে সরকারের কোনো দপ্তরের কর্মকর্তা যোগাযোগ করেনি। তাই আমাদের পূর্ব ঘোষিত কর্মসূচি জোরালোভাবে পালন করব। ইতোমধ্যে প্রশাসনের অনুমতি নেওয়া হয়েছে এবং আমন্ত্রণপত্রও পাঠানো হয়েছে।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র কিছুদিন বাকি। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে নির্বাচন। তবে এর আগেই নবম জাতীয় পে স্কেলের গেজেট জারির দাবিতে আন্দোলন করছেন সরকারি চাকরিজীবীরা।
আন্দোলনরত নেতারা জানান, দাবির বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো দৃশ্যমান অগ্রগতি না থাকায় সারা দেশে একযোগে কর্মবিরতি পালন করা হয়েছে। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলের ঘোষণাও দেয়া হয়।