সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক রূপ দেওয়ার ঘোষণা তারেক রহমানের

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ৭ ফেব্রুয়ারি ২০২৬, ৭:০১ অপরাহ্ণ

বিএনপি সরকার গঠন করলে সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক রূপ দেওয়ার ঘোষণা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

তিনি বলেছেন, সৈয়দপুরে যে এয়ারপোর্ট আছে, এই এয়ারপোর্টটাকে আমরা ধীরে ধীরে আন্তর্জাতিক এয়ারপোর্টে রূপান্তরিত করতে চাই। যাতে করে এই যে এখানে যে চাইনিজদের যে হাসপাতাল তৈরি হচ্ছে, এই হাসপাতালে দেশের বিভিন্ন জায়গা থেকে, বিদেশ থেকে রোগী আসবে। যাতে মানুষ সহজে ব্যবসা-বাণিজ্য আর চিকিৎসার জন্য এখানে আসতে পারে, সেই জন্য সৈয়দপুর এয়ারপোর্টকে ইনশাআল্লাহ আমরা ধীরে ধীরে আন্তর্জাতিক এয়ারপোর্টে রূপান্তরিত করতে চাই।

শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে নীলফামারী হাই স্কুল বড় মাঠে বক্তব্য দিচ্ছিলেন তারেক রহমান।

তিনি বলেন, এই এলাকার, এই সমগ্র নীলফামারী, রংপুর, দিনাজপুরসহ এই পুরা রংপুর বিভাগের মানুষের একটি প্রাণের দাবি আছে। বলুন তো কী সেই প্রাণের দাবি? তিস্তা মহাপরিকল্পনা। আপনাদের সকলের সামনে আমি বলে যেতে চাই যে ১২ তারিখে ইনশাআল্লাহ বিএনপি সরকার গঠন করলে আপনাদের ভোটে আল্লাহর রহমতে বিএনপি সরকার গঠন করলে আগামী বিএনপি সরকারের অন্যতম প্রধান কাজ হবে যত দ্রুত সম্ভব এই তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনার কাজ শুরু করা। যাতে করে এই এলাকা আবার সবুজ শস্য-শ্যামলা হয়ে উঠতে পারে। এই এলাকার খাল-বিলগুলোতে যাতে পানিতে ভরে যেতে পারে। যাতে মানুষের ব্যবহারের জন্যই হোক কৃষি কাজের ব্যবহারের জন্যই হোক এই এলাকার মানুষের জন্য পানির ব্যবস্থা হয়।

উন্নয়ন কর্মকাণ্ডের প্রতিশ্রুতি দিতে গিয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেন, নীলফামারীর মানুষের দাবি, এখানে একটি মেডিকেল কলেজের দাবি। ইনশাআল্লাহ পর্যায়ক্রমিকভাবে এটিও আমরা বাস্তবায়ন করব।”

সৈয়দপুরকে শিল্প অঞ্চল হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, সেখানে রেল কারখানাসহ আরও শিল্প গঠন করা যা সম্ভব হয়, আমরা সেই শিল্পগুলো গঠন করতে চাই।

তিনি বলেন, এই এলাকা—অবহেলিত এলাকা, এই দুর্নাম আমরা ঘুচাতে চাই। এই এলাকায় স্কুল-কলেজ রাস্তাঘাট আমরা তৈরি করতে চাই, যাতে মানুষের চলাফেরার জন্য সুবিধা হয়। মেডিকেল কলেজ তৈরি করতে চাই।

তারেক রহমান বলেন, এই এলাকার মানুষের কর্মসংস্থান দরকার। এই এলাকায় যে ইপিজেড আছে, আমরা এই ইপিজেডটাকে আরও বড় করতে চাই। আরও কলকারখানা এখানে তৈরি করতে চাই, যাতে এই এলাকার মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হয়।

নারীদের জন্য ফ্যামিলি কার্ড, কৃষকদের জন্য কৃষি কার্ড, কৃষকদের ১০ হাজার টাকার কৃষি ঋণ মওকুফ, মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান থেকে নেয়া ক্ষুদ্র ঋণ সরকারিভাবে পরিশোধের ব্যবস্থাসহ নানা প্রতিশ্রুতি দেন বিএনপি চেয়ারম্যান।

তারেক রহমান মঞ্চে দলীয় ও জোটের প্রার্থীদের পরিচয় করিয়ে দিয়ে ধানের শীষ ও খেজুর গাছ মার্কায় ভোট চান। প্রার্থীরা হলেন—মঞ্জুরুল ইসলাম (নীলফামারী-১), শাহরিন ইসলাম (নীলফামারী-২), সৈয়দ আলী (নীলফামারী-৩) ও আবদুল গফুর সরকার (নীলফামারী-৪)।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh