সিলেটে কিডনি ফাউন্ডেশন হাসপাতালে গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের অ্যাম্বুলেন্স উপহার

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ৮ ফেব্রুয়ারি ২০২৬, ১:৩৬ অপরাহ্ণ

সিলেট কিডনি ফাউন্ডেশন হাসপাতালের রোগীসেবা আরও গতিশীল ও আধুনিক করতে একটি অত্যাধুনিক অ্যাম্বুলেন্স উপহার দিয়েছে গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন। শনিবার (৭ ফেব্রুয়ারি ২০২৬) সিলেটের বাদাঘাট রোডের তেমুখী নাজিরের গাঁওয়ে অবস্থিত হাসপাতাল চত্বরে আনুষ্ঠানিকভাবে অ্যাম্বুলেন্সটি হস্তান্তর করা হয়।

সকাল ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত আয়োজিত অনুষ্ঠানে অতিথিদের অভ্যর্থনা, হাসপাতাল পরিদর্শন, বোর্ডরুমে মতবিনিময় সভা এবং শেষে আনুষ্ঠানিক হস্তান্তরের মাধ্যমে কর্মসূচি সম্পন্ন হয়।

অ্যাম্বুলেন্স হস্তান্তর অনুষ্ঠানে গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের সভাপতি মুহিবুর রহমান মুহিব, প্রধান কোষাধ্যক্ষ রফিকুল হায়দার, সহ-সভাপতি আবুল কালাম আজাদ, অলি উদ্দিন শামীম, ফয়জুল হক, শেখ ফারুক আহমেদ, ডা. সৈয়দ মাশুকভাই আহমেদ, হাবিব, ইঞ্জিনিয়ার হারুন রশিদ ও ওলি খান এমবিইসহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া জুবায়ের আহমদ চৌধুরী, নজরুল ইসলাম বাসন, জামাল উদ্দিন, খলিলুর রহমান, কাপ্তান হোসেন, তজমুল ইসলাম চৌধুরী, হেলাল উদ্দিন ও সিলেট বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক বায়েজীদ মাহমুদ ফয়সলসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

হাসপাতালের পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট প্রফেসর ডা. জিয়াউদ্দিন আহমদ, জেনারেল সেক্রেটারি কর্নেল (অব.) মো. আব্দুস সালাম বীরপ্রতীক, ট্রেজারার জুবায়ের আহমদ চৌধুরী, এক্সিকিউটিভ ডিরেক্টর ডা. কাজী মুশফিক আহমদ, ডিরেক্টর (অ্যাডমিনিস্ট্রেশন) সৈয়দ সাদিক হোসেন, ট্রাস্টি মেম্বার ডা. শাহজামান চৌধুরী, কনসালটেন্ট ডা. এম এ মাজিদ, অ্যাডিশনাল ডিরেক্টর মো. মাআয রেজা চৌধুরী এবং জেনারেল ম্যানেজার (অ্যাডমিনিস্ট্রেশন) মুহিবুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে হাসপাতালের প্রেসিডেন্ট প্রফেসর ডা. জিয়াউদ্দিন আহমদ বলেন, হাসপাতালের জন্য একটি অ্যাম্বুলেন্স অত্যন্ত প্রয়োজন ছিল। নতুন অ্যাম্বুলেন্স যুক্ত হওয়ায় কিডনি রোগীদের যাতায়াত আরও সহজ হবে এবং স্বাস্থ্যসেবা একধাপ এগিয়ে যাবে। ভবিষ্যতেও গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের সঙ্গে সমন্বয়ে কাজ করার আশা প্রকাশ করেন তিনি।

গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের সভাপতি মুহিবুর রহমান মুহিব বলেন, বিশ্বের বিভিন্ন দেশে থাকা বৃহত্তর সিলেটের প্রবাসীদের নিয়ে গঠিত সংগঠনটি প্রতিষ্ঠালগ্ন থেকেই মানবকল্যাণে কাজ করছে। অতীতেও সিলেটের বিভিন্ন হাসপাতালে অ্যাম্বুলেন্স প্রদানসহ নানা সামাজিক উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনে সংগঠনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh