সব
স্বদেশ বিদেশ ডট কম
লন্ডন সালাহ টাইমট্যাবল ইউনিফাইড উলামা কমিটি শরীয়ার নির্দেশনার আলোকে নামাজের সঠিক সময় কোনটি তা নিরুপন করতে দীর্ঘ পনের বছরের অধিক সময় ধরে সুর্যের উদয় অস্ত নিরীক্ষন ও গবেষনা চালিয়ে আসছে। এ ক্ষেত্রে বৃটিশ অভজারভেটরির সায়েন্টফিক তথ্য এবং মাযহাবের ইমামগণের মতামত ও সিদ্বান্তের আলোকে তাদের গবেষনার ফলাফল উপস্থাপনে পুস্তিকা প্রকাশ করেছেন আজ।
লন্ডন স্ট্রাটফোর্ড হাসানাহ সেন্টারে এ উপলক্ষ্যে মসজিদ কমিটির নেতৃবৃন্দ, আইম্মায়ে মাসাজিদ, উলামায়ে কেরাম এবং মিডিয়া ও গণমাধ্যম কর্মিদের নিয়ে এক সেমিনার ও প্রকাশনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠান ও ইউনিফাইড উলামা কমিটির সভাপতি শায়খুল হাদিস আল্লামা আবদুল জলিল।
সংগঠনের সেক্রেটারি মাওলানা শায়েখ ইমাদাদুর রহমান মাদানীর পরিচালনায় অনুষ্ঠিত সেমিনারে বক্তব্য রাখেন শায়খ আবদুর রহমান মাদানী, মুফতি শায়খ ইলিয়াস হোসাইন, মাওলানা মুমিনুল ইসলাম ফারুকী, শায়খুল হাদিস মাওলানা আবদুর রহমান মনোহরপূরী, মাওলানা আবদুল কাদির সালেহ, মাওলানা জিল্লুর রহমান চৌধুরী, মাওলানা মোকাররাম আলী, মাওলানা নজরুল ইসলাম, মাওলানা আবদুল মালিক চৌধুরী, হাফিজ মাওলানা আবদুল কাদির, মুফতি আশরাফুর রহমান, মাওলানা মিজানুর রহমান, সৈয়দ আশরাফ আলী, মাওলানা সৈয়দ তামিম আহমদ, মাওলানা মুইনুল হক চৌধুরী, মাওলানা নাজির উদ্দিন, মাওলানা মাইনুদ্দিন খান, মাওলানা ফরিদ আহমদ চৌধুরী, মাওলানা রশীদ আহমদ, মাওলানা অলিউর রহমান চৌধুরী, মাওলানা মো: আবদুল কুদ্দুছ প্রমুখ উলামায়ে কেরাম।
স্বাগত বক্তব্যে আল্লামা আবদুল জলীল সঠিক সময়ে নামাজ, রোজা, সেহরী ও ইফতারের গুরুত্ব ও এ ব্যাপারে কোরআন হাদীসের নির্দেশনা তুলে ধরে বলেন, সঠিকভাবে নামাজ আদায় করা যেমন ফরজ, তেমনি সঠিক সময়ে নামাজ আদায় করাও ফরজ। এজন্য এটি তালাশ করা এবং নামাজ, রোজা, সেহরী ও ইফতারের সঠিক সময় কোনটি তা নির্ধারন করা অতি জরুরী। কিন্তু দীর্ঘদিন ধরে বৃহত্তর কমিউনিটির মধ্যে এই সময়ের অনেক ব্যবধান পরিলক্ষিত হয়। এ ক্ষেত্রে ইসলামী শরীয়ার আলোকে সঠিক দিক নির্দেশনা নিরুপনের জন্য গবেষক শীর্ষ উলামায়ে কেরামের সমন্বয়ে লন্ডন সালাহ টাইম ট্যাবল ইউনিফাইড উলামা কমিটি গঠন করা হয়। এই কমিটি গত পনের বছরের অধিক সময়ব্যাপী এ বিষয়ে গবেষনা ও পর্যবেক্ষন চালিয়ে আসছে।
এরই ফলাফল আজ সকলের সামনে উপস্থাপন করা হচ্ছে।
কমিটির সেক্রেটারি মাওলানা শায়খ ইমদাদুর রহমান মাদানী নামাজ, রোজা সেহরী ও ইফতারের টাইমট্যাবল নির্ধারনে ইসলামী শরীয়তের নির্দেশনা, মাযহাবের আইম্মাগণের অনুসৃত নীতি ও ফায়সালা এবং কমিউনিটিতে প্রচলিত সময়সূচিগুলোর নানান তারতম্য তুলে ধরেন এবং কমিটির অনুসৃত গবেষনার মূলনীতি তুলে ধরে সবাইকে তা অনুসরন করার আহবান জানান।
বক্তাগণ জোর দিয়ে বলেন, শরিয়তের নির্দেশনা অনুযায়ী নির্ধারিত সময়ে সালাত ও সিয়াম আদায় নিশ্চিত করার পাশাপাশি উম্মাহর ঐক্য রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময়সূচি শরিয়তের সহিহ (শুদ্ধতা) ও ইয়ুসর (সহজতা)-এর সমন্বয়ে প্রণীত, যা মসজিদসমূহে ঐক্য প্রতিষ্ঠা ও মুসল্লিদের মধ্যে আস্থা বৃদ্ধি করতে সহায়ক হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
সভায় উপস্থিত উলামায়ে কেরাম ও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন মাওলানা শায়খ আবদুর রহমান মাদানী। সমাপনীতে শায়খুল হাদিস আল্লামা আবদুল জলিল দোয়া পরিচালনা করেন।
অনুষ্ঠানের শেষে লন্ডন সালাহ টাইমটেবিল ইউনিফায়েড উলামা কমিটি সমগ্র মুসলিম কমিউনিটিকে আগাম রামাদ্বান এর মোবারকবাদ জানায় এবং সবার জন্য কল্যাণময় ও সওয়াবপূর্ণ রামাদ্বানের জন্য বিশেষ দোয়া করা হয়।