মব কালচার পুরোপুরি বন্ধ করতে চাই: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ৯:০৩ অপরাহ্ণ

মব কালচার পুরোপুরি বন্ধ করতে চান বলে জানিয়েছেন নবনিযুক্ত স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্রথম কর্মদিবসে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান তিনি।

মন্ত্রী বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দুর্নীতিমুক্ত মন্ত্রণালয় হিসেবে গড়ে তুলতে চাই। সালাহউদ্দিন আহমদ বলেন, কর্মকর্তাদের জবাবদিহিতা ও স্বচ্ছতা বজায় রেখে কাজ করতে হবে। কোনো প্রকার অবৈধ তদবির চলবে না। আর বিভিন্ন বাহিনীর মধ্যে কেউ অপরাধে জড়িত থাকলে সঙ্গে সঙ্গে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, আমরা বাংলাদেশে মব কালচার পুরোপুরি বন্ধ করতে চাই। মব কালচার শেষ। দাবি আদায়ের নামে মব কালচার করা যাবে না।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তবে যৌক্তিক দাবি আদায়ের জন্য মিছিল ও সমাবেশ করা যাবে, স্মারকলিপিও দেওয়া যাবে। আমরা গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে চাই।

পরে সাংবাদিকদের ব্রিফিংকালে সালাহউদ্দিন আহমদ বলেন, পুলিশকে জনগণের বন্ধু বানাতে হবে। পুলিশের যে ভাবমূর্তি নষ্ট হয়েছে, তা পুনরুদ্ধার করতে হবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

এর আগে সালাহউদ্দিন আহমদ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছলে তাকে ফুলেল শুভেচ্ছা জানানোসহ গার্ড অব অনার দেওয়া হয়।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh