সব
স্বদেশ বিদেশ ডট কম

রোজার মাসে ইফতারের সময় বিদ্যুৎ উৎপাদনে গ্যাসের চাহিদা মেটাতে সিএনজি ফিলিং স্টেশন বন্ধ রাখার সময় তিন ঘণ্টা বাড়িয়েছে সরকার।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গ্যাস বিতরণ নেটওয়ার্কে স্বল্প-চাপ পরিস্থিতি নিরসন এবং রমজানে বিদ্যুৎ শ্রেণিতে গ্যাসের বাড়তি চাহিদা পূরণের লক্ষ্যে নেয়া হয়েছে এ সিদ্ধান্ত।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, আগামী ১৪ মার্চ পর্যন্ত সারা দেশের সিএনজি স্টেশনগুলো প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত বন্ধ থাকবে। এর আগে স্টেশনগুলো সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত ৩ ঘণ্টা বন্ধ রাখার নির্দেশনা ছিল। তবে, নতুন প্রজ্ঞাপন অনুযায়ী, এখন তা বাড়িয়ে মোট ছয় ঘণ্টা করা হলো।
এদিকে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মহাসড়কে যাত্রী সাধারণের যাতায়াত নির্বিঘ্ন রাখতে ১৫ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত সিএনজি ও ফিলিং স্টেশনসমূহ সার্বক্ষণিক খোলা রাখতেও নির্দেশনা দেয়া হয়েছে প্রজ্ঞাপনে। নির্দেশনায় আরও বলা হয়, ঈদের পর ২৬ মার্চ থেকে পুনরায় আগের নিয়ম অনুযায়ী প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত সিএনজি স্টেশন বন্ধ থাকবে।