জুলাই হত্যা মামলায় সালমান-আনিসুলের বিরুদ্ধে সাক্ষ্য শুরু আজ

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ১:০৩ অপরাহ্ণ

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে কারফিউ দিয়ে ছাত্র-জনতাকে হত্যার উসকানিসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ রোববার (২২ ফেব্রুয়ারি) সাক্ষ্য গ্রহণ শুরু হচ্ছে।

বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ এই সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হবে।

এর আগে ১০ ফেব্রুয়ারি ট্রাইব্যুনালে এই মামলার সূচনা বক্তব্য উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। এতে বলা হয়, প্রসিকিউশন পক্ষ জানায়, জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সময় ফোনালাপ করেন আনিসুল হক ও সালমান এফ রহমান।

ওই ফোনালাপের একপর্যায়ে কারফিউ চলাকালে আন্দোলনকারীদের শেষ করে দিতে হবে বলেন তারা। তাদের এ বক্তব্যের পর ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ছাত্র-জনতাকে নির্বিচারে গুলি করে হত্যা করা হয়। তাদের এই বক্তব্য হত্যাকাণ্ডে উসকানি হিসেবে কাজ করেছে বলে অভিযোগ প্রসিকিউশনের।

গত বছরের ৪ ডিসেম্বর এই মামলায় সালমান ও আনিসুলের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। পরে সে অভিযোগ আমলে নিয়ে গত ১২ জানুয়ারি এই মামলার অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh