সব
স্বদেশ বিদেশ ডট কম

গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ১৩ আসনের ভোটের নানা অনিয়মের অভিযোগ তুলে ধরে ফলাফল বাতিল ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস।
সোমবার দুপুরে ঢাকার পল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবি জানান দলটির মহাসচিব জালালুদ্দীন আহমদ।
তিনি জানান, নির্বাচনের দিন বিভিন্ন কেন্দ্র থেকে খেলাফতের আমির মামুনুল হকের নির্বাচনী এজেন্টদের জোরপূর্বক বের করে দেওয়া হয়। পর্দানশীন ভোটার ও সাধারণ ভোটারদের ভোটকেন্দ্রে ভয়ভীতিও দেখানো হয়।
অভিযোগ করা হয়, কেন্দ্র পরিদর্শনে গেলে মামুনুল হককে কেন্দ্রে অবরুদ্ধ করে রাখা হয়। সেনাবাহিনীর সহায়তায় কেন্দ্র ত্যাগে বাধ্য করা হয়।
এছাড়াও এই নির্বাচনে সারাদেশের বিভিন্ন আসনে অনিয়ম ও কারচুপির নানা অভিযোগ তুলে ধরা হয় সংবাদ সম্মেলনে। এসময় দলের পক্ষ থেকে সুনির্দিষ্ট করে ছয় দফা দাবির কথা তুলে ধরা হয়।
জালালুদ্দীন আহমদ অভিযোগ করেন, নির্বাচনের পর ঢাকা-১৩ আসনে খেলাফত মজলিসের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। ওই আসনের নির্বাচিত এমপি ও বর্তমান শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বাংলাদেশ খেলাফত মজলিসের নেতাকর্মীদের বিরুদ্ধে প্রকাশ্যে মামলার হুমকি প্রদান করেছে।
সারাদেশে দলের নেতাকর্মীদের বিরুদ্ধে হামলা ও মামলার হুমকির অভিযোগ এনে তা বন্ধের আহ্বান জানান দলের নেতারা। দাবি না মানা হলে কঠোর কর্মসূচিরও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।