মনোনীত হয়েও বাংলা একাডেমি পুরস্কার পেলেন না মোহন রায়হান

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ৭:৫৯ অপরাহ্ণ

কোনো ঘোষণা ছাড়াই কবিতায় এবারের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার স্থগিত করেছে কর্তৃপক্ষ; কবি মোহন রায়হানকে ওই পুরস্কারের জন্য ডেকে এনেও শেষ পর্যন্ত পুরস্কার দেওয়া হয়নি।

তিন দিন আগে বাংলা একাডেমি যখন এবারের সাহিত্য পুরস্কারের জন্য মনোনীতদের নাম ঘোষণা করে, সেখানে মোহন রায়হানকে কবিতায় এ পুরস্কার দেওয়ার কথা বলা হয়েছিল। সে অনুযায়ী তিনি বৃহস্পতিবার অমর একুশে বইমেলার উদ্বোধন অনুষ্ঠানে হাজিরও হয়েছিলেন।

কিন্তু পুরস্কার বিতরণের সময় অনুষ্ঠান মঞ্চে তার নাম ঘোষণা করা হয়নি। পরে তিনি পুরস্কার না নিয়েই অনুষ্ঠান থেকে বেরিয়ে যান।

মোহন রায়হান অভিযোগ করেছেন, ৪০ বছর আগে কর্নেল তাহেরকে নিয়ে ‘তাহেরের স্বপ্ন’ নামে একটি কবিতা লেখার জন্য তাকে এই পুরস্কার নিতে দেওয়া হয়নি।

এবার কথাসাহিত্যে নাসিমা আনিস, প্রবন্ধ/গদ্যে সৈয়দ আজিজুল হক, শিশুসাহিত্যে হাসান হাফিজ, অনুবাদে আলী আহমদ, গবেষণায় মুস্তাফা মজিদ ও ইসরাইল খান, বিজ্ঞান ফারসীম মান্নান মোহাম্মদী এবং মুক্তিযুদ্ধে মঈদুল হাসান বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পেয়েছেন। বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে তাদের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বইমেলার উদ্বোধন অনুষ্ঠান থেকে বেরিয়ে যাওয়ার পর মোহন রায়হান একাডেমি প্রাঙ্গণে দাঁড়িয়ে গণমাধ্যমকে বলেন, “গতকাল সন্ধ্যায়ও পুরস্কার নেওয়ার জন্য মহড়া করেছি। তখনো আমাকে কিছু বলা হয়নি।

“কিন্তু আজকে অনুষ্ঠানে এসে আমি জানতে পেরেছি, আমাকে পুরস্কার দেওয়া হবে না। এখন পুরস্কারটি বাতিল করা হয়েছে কিনা, তাও আমি জানি না। বাতিল করলে তো সরকারি প্রজ্ঞাপন থাকার কথা। সেটি আমি পাইনি।”

তিনি বলেন, “বাংলা একাডেমির কর্মকর্তারা আমাকে বলেছেন, পুরস্কারটি না দেওয়ার সিদ্ধান্ত সরকারের সর্বোচ্চ জায়গা থেকে এসেছে। এজন্য আমি চলে যাচ্ছি।”

কী কারণে পুরস্কার দেওয়া হয়নি–প্রশ্ন করলে মোহন রায়হান বলেন, “’তাহেরের স্বপ্ন’ নামে ৪০ বছর আগে লেখা একটি কবিতার জন্য আমাকে পুরস্কারটি দেওয়া হয়নি। এটি আমি শুনেছি।”

বাংলা একাডেমির একাধিক কর্মকর্তা গণমাধ্যমকে বলেছেন, ‘রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা থেকে’ সিদ্ধান্ত আসায় মঞ্চে মোহন রায়হানকে পুরস্কার দেওয়া হয়নি।

এ বিষয়ে জানতে চাইলে বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম গণমাধ্যমকে বলেন, “মোহন রায়হানের ব্যাপারে কিছু অভিযোগ উথাপিত হওয়ায় সাময়িকভাবে পুরস্কারটি স্থগিত করা হয়েছে। অভিযোগের বিষয়ে খতিয়ে দেখে এ ব্যাপারে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।”

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh