জালালাবাদে পাকিস্তানের যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলট আটক: আফগানিস্তান

আন্তর্জাতিক ডেস্ক,

  • প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ৭:০৩ অপরাহ্ণ

আফগানিস্তানের জালালাবাদ শহরে পাকিস্তানের একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। বিমানের পাইলটকে জীবিত অবস্থায় আটক করা হয়েছে। আজ শনিবার আফগান সামরিক বাহিনী ও পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।

প্রত্যক্ষদর্শীরা বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, বিমানটি বিধ্বস্ত হওয়ার ঠিক আগমুহূর্তে পাইলট প্যারাসুট দিয়ে অবতরণ করেন। এর পরই তাঁকে আটক করা হয়।

পুলিশের মুখপাত্র তায়েব হাম্মাদ বলেন, ‘জালালাবাদ শহরে পাকিস্তানের একটি যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে। এটির পাইলটকে জীবিত আটক করা হয়েছে।’

পূর্ব আফগানিস্তানের সামরিক মুখপাত্র ওয়াহিদুল্লাহ মোহাম্মদী বলেন, ‘আফগান বাহিনী পাকিস্তানি যুদ্ধবিমানটি ভূপাতিত করেছে। পাইলট এখন তাঁদের হেফাজতে রয়েছেন।’

এএফপির এক সাংবাদিক বলেন, ‘তিনি জালালাবাদের আকাশে একটি যুদ্ধবিমান উড়ে যাওয়ার শব্দ শোনেন। এর কিছুক্ষণ পরই শহরের বিমানবন্দরের দিক থেকে দুটি বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। এর পরপরই যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘোষণা আসে।’

এ ঘটনার বিষয়ে পাকিস্তানের সামরিক বাহিনী বা তথ্য মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে এএফপির মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি।

এর আগে গতকাল শুক্রবার আফগানিস্তানের রাজধানী কাবুল এবং দক্ষিণাঞ্চলীয় কান্দাহারে বিমান হামলা চালায় পাকিস্তান। গত বৃহস্পতিবার রাতে পাকিস্তান সীমান্তে আফগান বাহিনীর বড় ধরনের অভিযানের পরই এই হামলা চালানো হয়েছে।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh