গোবিন্দগঞ্জে হাত-পা বাঁধা অবস্থায় স্কুল শিক্ষিকার লাশ উদ্ধার

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১ মার্চ ২০২৬, ৫:২৬ পূর্বাহ্ণ


গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় হাত-পা বাঁধা এবং গলায় ওড়না পেঁচানো অবস্থায় এক স্কুল শিক্ষিকার লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার বিকাল ৪টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন গোবিন্দগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের চক গোবিন্দপুর এলাকার বাসা থেকে লাশটি উদ্ধার করা হয় বলে গোবিন্দগঞ্জ থানার ওসি মুহাম্মদ মোজাম্মেল হক জানান।

নিহত শামসুন্নাহার রুমা (৪০) উপজেলার ফুলবাড়ী গ্রামের সোলাইমান আলী মাস্টারের মেয়ে। তিনি উপজেলার চণ্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।

পরিবারের বরাতে পুলিশ জানায়, শামসুন্নাহার রুমা তার একমাত্র ছেলেকে নিয়ে বাবার মালিকানাধীন এ বাসাটিতে বসবাস করতেন। ছেলে পড়াশুনার কারণে ঢাকা অবস্থান করছেন। স্বামীর সঙ্গে তার বিচ্ছেদ হয়েছিল।

শনিবার সারাদিন প্রতিবেশীরা রুমার কোনো সাড়াশব্দ পাননি। তারা বাড়ির ভিতরে গিয়ে দেখেন ঘরের ভেতরে তার নিথর দেহ পড়ে আছে। ঘরের সব আসবাবপত্র এলোমেলো। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে।

ওসি মোজাম্মেল হক বলেন, “ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তার বাড়িতে প্রবেশ করে তাকে হাত-পা বেঁধে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করে পালিয়েছে।”

তিনি জানান, হত্যার রহস্য উদ্ধার করতে ক্রাইম সিন কাজ করছে। লাশ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh