২৬ মার্চ আলোকসজ্জা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ৮ মার্চ ২০২৬, ৫:৪৭ অপরাহ্ণ

চলতি বছরের ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে দেশে কোনো আলোকসজ্জা করা হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ‘দেশে জ্বালানিসংকটের কথা মাথায় রেখে কৃচ্ছ্রসাধনে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।’

আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আইনশৃঙ্খলা পর্যালোচনা সভা এবং মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্‌যাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা শেষে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্‌যাপনে দেশে ঐতিহ্যগতভাবে আলোকসজ্জা করা হয়ে থাকে। এবার তা বন্ধ থাকবে।’ ঈদে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মব ও স্পট ক্রাইম ভিন্ন বিষয়। সবকিছুর সঙ্গে মব গুলিয়ে ফেলা যাবে না। দেখা গেল নরসিংদীতে একটি মেয়েকে ধর্ষণের পর হত্যা করা হলো। ঘটনার তদন্ত করতে গিয়ে জানা গেল, ওই হত্যাকাণ্ডের সঙ্গে মেয়েটির সৎবাবা জড়িত। কিন্তু প্রাথমিকভাবে সব আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। সরকারের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে। সবকিছু মবের সঙ্গে তুলনা করলে হবে না।’ মব সংস্কৃতি বাংলাদেশ থেকে বিলুপ্ত হবে বলেও মন্তব্য করেন তিনি।

আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘বিজিএমইএসহ ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা হয়েছে। তাঁরা ঈদের আগে বেতন ও ভাতা পরিশোধ করবেন। তাই এবার ঈদে মানুষ স্বস্তি পাবে।’

মন্ত্রী বলেন, ‘সন্ত্রাসবিরোধী আইনে যাদের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে, তারা বিভিন্ন সময়ে রাজনৈতিক কর্মসূচি পালনের ঘোষণা দিচ্ছে। তবে তাদের কর্মসূচির দৃশ্যমান কিছু দেখা যায় না। দু–একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটছে। পুলিশ ব্যবস্থা নিচ্ছে। ভবিষ্যতেও নেবে।’

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh