ট্রাম্পকে অপসারণের দাবি জোরালো, এবার সাবেক সিআইএ প্রধানের আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক,

  • প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২৬, ৬:১১ অপরাহ্ণ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পদচ্যুত করার ক্রমবর্ধমান আহ্বানে এবার যোগ দিয়েছেন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর সাবেক পরিচালক জন ব্রেনান।

অযোগ্যতার কারণে ট্রাম্পকে অপসারণের পক্ষে যুক্তি তুলে ধরে ব্রেনান বলেন, মার্কিন সংবিধানের ২৫তম সংশোধনী যেন ট্রাম্পকে মাথায় রেখেই লেখা হয়েছিল।

বারাক ওবামা প্রশাসনে সিআইএর প্রধান হিসেবে দায়িত্ব পালন করা ব্রেনান গত শনিবার এমএস নাউকে দেওয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন।

সাক্ষাৎকারে তিনি বলেন, ইরানি সভ্যতা ধ্বংসের বিষয়ে ট্রাম্পের সাম্প্রতিক উসকানিমূলক মন্তব্য এবং এতে বহু মানুষের জীবনের ওপর তৈরি হওয়া ঝুঁকি তাঁকে পদচ্যুত করার যৌক্তিকতা তৈরি করেছে।

ট্রাম্প সম্পর্কে ব্রেনান বলেন, “এই ব্যক্তি স্পষ্টতই মানসিকভাবে ভারসাম্যহীন।”

তিনি আরও বলেন, “আমি মনে করি, ২৫তম সংশোধনী ডোনাল্ড ট্রাম্পকে মাথায় রেখেই লেখা হয়েছিল।”

ব্রেনানের মতে, ট্রাম্প এতটাই বড় ঝুঁকির কারণ যে তাঁকে যুক্তরাষ্ট্রের কমান্ডার-ইন-চিফ হিসেবে দায়িত্বে রাখা উচিত নয়। কারণ তাঁর হাতে দেশটির পরমাণু অস্ত্রভান্ডারসহ বিপুল সামরিক শক্তির নিয়ন্ত্রণ রয়েছে।

এই মন্তব্যের মাধ্যমে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনে ট্রাম্পকে ঘিরে বিতর্ক আরও তীব্র হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিশেষ করে ইরানকে কেন্দ্র করে সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটে তাঁর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন সমালোচকেরা।

তবে এ বিষয়ে হোয়াইট হাউসের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh