জ্বালানি সংকট মোকাবেলায় ২ বিলিয়ন ডলার বৈশ্বিক সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২৬, ৮:১৪ অপরাহ্ণ

জ্বালানি সংকট মোকাবিলায় উন্নয়ন অংশীজনদের কাছে বাংলাদেশের জন্য দুই বিলিয়ন ডলারের সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৫ এপ্রিল) দুপুরে সংসদ সচিবালয়ের দপ্তর থেকে এশিয়া জিরো এমিশন কমিউনিটি (এজেক) প্লাসের এক অনলাইন সম্মেলনে অংশ নিয়ে এ সহায়তা চান তিনি।

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির পরিচালনায় ভার্চুয়ালি এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে তারেক রহমান এবং জাপানের প্রধানমন্ত্রীসহ বিভিন্ন দেশের সরকারপ্রধানরা বক্তব্য দেন।

সম্মেলনে প্রধানমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান উপস্থিত ছিলেন।

পরে প্রেস ব্রিফংয়ে হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করে জানান, প্রধানমন্ত্রী আন্তর্জাতিক অংশীজনের কাছে জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের জন্য দুই বিলিয়ন ডলারের প্রয়োজনে কথা জানিয়েছেন।

সম্মেলনে অংশ নেওয়া দেশগুলো ভবিষ্যতে জ্বালানি সংকট মোকাবিলায় একসঙ্গে কাজ করার বিষয়ে সম্মত হয়েছে বলেও জানান পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা।

অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে ছিল ভারত, শ্রীলঙ্কা, ফিলিপাইন, মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ভিয়েতনাম, তিমুর-লেস্তে, কোরিয়া প্রজাতন্ত্র (আরওকে), অস্ট্রেলিয়া, ব্রুনেই, কম্বোডিয়া ও ইন্দোনেশিয়া।

এ ছাড়া ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি (আইইএ) এবং এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) থেকে প্রতিনিধিরা এই অধিবেশনে অংশ নেন।

গত ২৮ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর ইরান হরমুজ প্রণালি বন্ধ করে দেয়। এ কারণে বিশ্বে জ্বালানি তেলের চাহিদা বেড়ে গেছে। এর ফলে বাংলাদেশেও তেলের সংকট শুরু হয়। চরাদিকে তেল নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মানুষ ফিলিং স্টেশনে ভিড় করতে শুরু করে। এ ভিড় প্রতিদিনই বাড়ছে।

মার্চের শুরুতে পেট্রল ও অকটেনের বিক্রি প্রায় দ্বিগুণ হয়ে যায়। এরপর মজুত ধরে রাখতে সরকার রেশনিং শুরু করে। কয়েক দিন পর রেশনিং তুলে নিলেও বাজারে সরবরাহ করা হচ্ছে গত বছরের বিক্রির সঙ্গে মিল রেখে।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh