নওগাঁয় একই পরিবারের চারজনকে গলা কেটে হত্যা

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২১ এপ্রিল ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ণ

নওগাঁর নিয়ামতপুরে নিজ বাড়ি থেকে এক দম্পতি ও তাঁদের দুই ছেলে–মেয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে উপজেলার বাহাদুরপুর গ্রামের একটি বাড়ি থেকে তাঁদের মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত ব্যক্তিরা হলেন বাহাদুরপুর গ্রামের হাবিবুর রহমান (৩৫), তাঁর স্ত্রী পপি খাতুন (৩০) এবং তাঁদের ছেলে পারভেজ হোসেন (১০) ও মেয়ে সাদিয়া খাতুন (৩)। নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান তাঁদের নাম–পরিচয় নিশ্চিত করেছেন।

নিহত ব্যক্তিদের মধ্যে হাবিবুর ও তাঁর স্ত্রীকে গলা কেটে হত্যা করা হয়েছে। তাঁদের সন্তান পারভেজ ও সাদিয়াকে মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে। পারভেজ বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণিতে পড়াশোনা করত।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হাবিবুর রহমান পেশায় গরু ব্যবসায়ী ছিলেন। মান্দার চৌবাড়িয়া হাটে গরু বিক্রি করে গতকাল সোমবার রাত ৮টার দিকে বাড়িতে আসেন। তাঁর কাছে গরু বিক্রির ২ লাখ ৮০ হাজার টাকা ছিল। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা টাকা লুটের জন্য তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের হত্যা করেছে। এ ছাড়া বাড়িতে থাকা স্বর্ণালংকারও লুট করে নিয়ে গেছে।

ওসি মাহবুবুর রহমান বলেন, ‘‘নিহত ব্যক্তিদের মধ্যে বাড়ির কর্তা হাবিবুর ও তাঁর স্ত্রীকে গলা কেটে হত্যা করা হয়েছে। তাঁদের সন্তানদের মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ডাকাতির উদ্দেশ্যে দুর্বৃত্তরা ওই বাড়িতে ঢুকেছিল। পরিচয় প্রকাশ হওয়ার আশঙ্কায় ওই বাড়ির কর্তাসহ পরিবারের অন্য সদস্যদের হত্যা করা হয়।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh