ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও তিন শিশুর মৃত্যু

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ণ


হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার সকাল ৯টা থেকে মঙ্গলবার সকাল ৯টার মধ্যে চিকিৎসাধীন অবস্থায় এ তিন শিশুর মৃত্যু হয়েছে বলে জানান হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাঈনউদ্দিন খান।

মারা যাওয়া তিন শিশুর মধ্যে দুইজন ছেলে ও একজন মেয়ে।

তার মধ্যে সাত মাস বয়সী শিশুটি জেলার গৌরীপুর উপজেলার বাসিন্দা। ২২ এপ্রিল শিশুটিকে হামের উপসর্গ নিয়ে ভর্তি করা হয়েছিল, সোমবার বিকাল ৫টার দিকে তার মৃত্যু হয়।

পরে সন্ধ্যা ৬টার দিকে মৃত্যু হয় চার মাস বয়সী একটি শিশুর। জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বাসিন্দা শিশুটি গত ২৩ এপ্রিল হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছিল।

অপর পাঁচ মাস বয়সী শিশুটি নেত্রকোনার দুর্গাপুরের বাসিন্দা। গত ২০ এপ্রিল হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছিল; সোমবার রাতে সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়।

এছাড়া আশঙ্কাজনক অবস্থায় এক শিশুকে ঢাকায় শিশু হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

সহকারী পরিচালক মাঈনউদ্দিন খান আরও বলেন, ‘‘সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছে ৩২ শিশু। আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে ৭৪ শিশু। সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৩৬ শিশু।’’

তিনি জানান, গত ১৭ মার্চ থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত হামের লক্ষণ নিয়ে ভর্তি হয় মোট ৯২৫ শিশু। এর মধ্যে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৮৩১ শিশু এবং মৃত্যু হয়েছে ২০ শিশুর।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh