সব
আন্তর্জাতিক ডেস্ক,

২২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। দুই নারীসহ ৯ জনের মৃতদেহ মিলেছে। ৫ শিশুসহ অন্য নিখোঁজদের সন্ধানে এখনও অভিযান চলছে। ছবি:সংগৃহীত
ভারতের মধ্য প্রদেশের নর্মদা নদীতে বরগি বাঁধের জলাশয়ে এক পর্যটকবাহী ক্রুজ নৌকা উল্টে যাওয়ার ঘটনায় অন্তত ৯ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সন্ধ্যার দিকে হওয়া এ মর্মান্তিক ঘটনায় এখনও অনেকে নিখোঁজ, বলছে ভারতীয় গণমাধ্যমগুলো।
টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, মধ্য প্রদেশ ট্যুরিজম-পরিচালিত নৌযানটি বৃহস্পতিবার সন্ধ্যার দিকে আচমকাই ৬০-৭০ কিলোমিটার বেগের বাতাসের কবলে পড়ে এবং কয়েক মিনিটের মধ্যেই উল্টে যায়।
২২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। দুই নারীসহ ৯ জনের মৃতদেহ মিলেছে। ৫ শিশুসহ অন্য নিখোঁজদের সন্ধানে এখনও অভিযান চলছে।
দুর্ঘটনার সময় পর্যটকবাহী ওই নৌযানে কয়েক ডজন আরোহী ছিলেন বলে জানালেও কোনো গণমাধ্যমই যাত্রী ও ক্রু’র প্রকৃত সংখ্যা বলতে পারেনি।
বেঁচে যাওয়া এক যাত্রী বলেছেন, যাত্রার শুরুতে তাদেরকে কোনো লাইফ জ্যাকেটই দেওয়া হয়নি। নৌকা ডুবে যাওয়ার সময় আতঙ্কের মধ্যে তারাই একে অপরকে লাইফ জ্যাকেটগুলো দেন।
প্রত্যক্ষদর্শীদের কেউ কেউ বলেছেন, আবহাওয়া খারাপ হয়ে যাওয়ায় তীরে দাঁড়িয়ে থাকা অনেকেই নৌকাটিকে ফিরতে বললেও চালক তা শোনেননি।
“আমরা নৌকার চালককে ফিরে আসতে বলেছিলাম। কিন্তু তিনি শোনেননি। বাঁধের মাঝামাঝিই নৌকাটি উল্টে যায়,” বলেছেন সম্রাট নামের একজন, যিনি ১৫-১৬ জনকে জীবিত উদ্ধারে সহযোগিতা করেছেন।
এ ঘটনায় নিহত প্রত্যেকের পরিবারকে ৪ লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব।
উল্টে যাওয়া নৌকাটি আবহাওয়াজনিত নিরাপত্তারীতি মেনে চলেছিল কিনা তা খতিয়ে দেখতেও তিনি নির্দেশ দিয়েছেন।