মাঝ আকাশে সংঘর্ষ : ভেঙে পড়ল দুই মার্কিন যুদ্ধবিমান

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১৮ মে ২০২৬, ৩:১৭ অপরাহ্ণ

যুক্তরাষ্ট্রের একটি এয়ার শোতে মাঝ আকাশে কসরত দেখাতে গিয়ে দুটি যুদ্ধবিমানের সংঘর্ষ হয়েছে। এতে দুটি বিমান দুটি বিধ্বস্ত হলেও চারজন ক্রু নিরাপদে প্যারাস্যুটে নেমে প্রাণে বেঁচে গেছেন।

রবিবার আইডাহো অঙ্গরাজ্যের মাউন্টেন হোম এয়ার ফোর্স বেস থেকে প্রায় ২ মাইল (প্রায় ৩ দশমিক ২ কিলোমিটার) উত্তর-পশ্চিমে অনুষ্ঠিত ‘গানফাইটার স্কাইস’ এয়ার শোর দ্বিতীয় ও শেষ দিনে এই ঘটনা ঘটে।

যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর এক মুখপাত্র জানান, প্রদর্শনীতে উড্ডয়নের সময় EA-18G গ্রোলার মডেলের দুটি যুদ্ধবিমানের মধ্যে সংঘর্ষ হয়। এরপর বিমানে থাকা সব ক্রুই দ্রুত নিরাপদে বের হয়ে আসেন। তবে তারা আহত হয়েছেন কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।

দুর্ঘটনার পরপরই বিমান দুটিতে আগুন ধরে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘাঁটিটি সাময়িকভাবে লকডাউন করা হয়। পরে পুরো এয়ার শো বাতিল ঘোষণা করা হয়। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে।

মাউন্টেন এয়ার ফোর্স বেসের ‘গানফাইটারস’ ইউনিট সামাজিক মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে জানায়, যুদ্ধবিমান দুটির ক্রুরা বর্তমানে স্থিতিশীল অবস্থায় আছেন।

বিবৃতিতে আরো বলা হয়, দর্শকদের ধৈর্য ও সহযোগিতার কারণে দ্রুত ও নিরাপদভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে।

যুক্তরাষ্ট্রের নৌবাহিনী বলেছে, দুর্ঘটনায় জড়িত EA-18G গ্রোলার বিমানগুলো ওয়াশিংটন অঙ্গরাজ্যের একটি ইলেকট্রনিক অ্যাটাক স্কোয়াড্রনের অংশ ছিল। প্রতিটি বিমানের দাম প্রায় ৬ কোটি ৭০ লাখ মার্কিন ডলার (প্রায় ৫০ দশমিক ৩ মিলিয়ন পাউন্ড)। যুদ্ধবিমান দুর্ঘটনায় ঘাঁটির ভেতরে থাকা কেউ আহত হননি। সূত্র: বিবিসি

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh