যুক্তরাষ্ট্রের পতাকাখচিত রঙের রিকশার উদ্বোধন করলেন মার্কিন রাষ্ট্রদূত

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২০ মে ২০২৬, ৭:১৩ অপরাহ্ণ

যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উদযাপন উপলক্ষে রাজধানী ঢাকার রাস্তায় মার্কিন পতাকার লাল, সাদা ও নীল রঙে সাজানো ৫০টি বিশেষ রিকশার উদ্বোধন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। বুধবার (২০ মে) মার্কিন দূতাবাসের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে এই বিশেষ রিকশা উদ্বোধন করা হয়।

উদ্বোধনের পর মার্কিন দূতাবাস তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে রিকশাগুলোর ছবি প্রকাশ করে।

ছবিতে দেখা যায়, রিকশাগুলোকে যুক্তরাষ্ট্রের জাতীয় পতাকার আদলে লাল, সাদা ও নীল রঙে সাজানো হয়েছে। এসব রিকশার মাধ্যমে যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ইতিহাসের পাশাপাশি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের অংশীদারত্ব ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বার্তা তুলে ধরা হয়েছে বলে জানিয়েছে দূতাবাস।

এক্স ও ফেসবুকে দেওয়া পোস্টে রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন বলেন, যুক্তরাষ্ট্রের ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই বিশেষ রিকশা উদ্বোধন করা হয়েছে। এই উদ্যোগের মাধ্যমে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা উদ্‌যাপনের পাশাপাশি দুই দেশের গভীর সম্পর্কের প্রতিফলন তুলে ধরা হয়েছে।

আয়োজকরা জানিয়েছেন, আগামী কয়েক সপ্তাহ রাজধানীর বিভিন্ন সড়কে এসব বিশেষ রিকশা চলাচল করবে। এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের ২৫০ বছরের স্বাধীনতা সংগ্রাম, অগ্রযাত্রা এবং বাংলাদেশের সঙ্গে দেশটির কূটনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্কের বিষয়টি সাধারণ মানুষের সামনে তুলে ধরা হবে।

উল্লেখ্য, ১৭৭৬ সালে স্বাধীনতার ঘোষণাপত্র গৃহীত হওয়ার ২৫০ বছর পূর্তি উপলক্ষে আগামী ৪ জুলাই যুক্তরাষ্ট্র স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উদ্‌যাপন করবে। এ উপলক্ষে যুক্তরাষ্ট্রজুড়ে নানা কর্মসূচি ও আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh