ইউরোপে মার্কিন সেনা মোতায়েন নিয়ে ন্যাটো মিত্রদের আশ্বস্ত করার চেষ্টায় রুবিও

আন্তর্জাতিক ডেস্ক,

  • প্রকাশিত: ২৩ মে ২০২৬, ৯:৪৬ পূর্বাহ্ণ

ইউরোপে মার্কিন সেনা মোতায়েন নিয়ে সৃষ্টি হওয়া বিভ্রান্তি ও উদ্বেগের মধ্যে ন্যাটো মিত্র দেশগুলোকে আশ্বস্ত করার চেষ্টা করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

সুইডেনে অনুষ্ঠিত ন্যাটো পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক শেষে স্থানীয় সময় শুক্রবার (২২ মে) তিনি বলেন, বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতি ও যুক্তরাষ্ট্রের সামরিক অঙ্গীকার বিবেচনায় রেখে ইউরোপে সেনা উপস্থিতি নিয়মিত পুনর্মূল্যায়ন করা হচ্ছে। খবর বিবিসির।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, পোল্যান্ডে অতিরিক্ত ৫ হাজার মার্কিন সেনা পাঠানো হবে। তবে এর এক সপ্তাহ আগেই দেশটিতে ৪ হাজার সেনা মোতায়েনের পরিকল্পনা বাতিল করা হয়। একই সঙ্গে জার্মানি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণাও আসে।

পরস্পরবিরোধী এসব সিদ্ধান্তে ন্যাটো জোটের সদস্য দেশগুলোর মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে। সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী মারিয়া মালমার স্টেনারগার্ড বলেন, পরিস্থিতি সত্যিই বিভ্রান্তিকর এবং তা বোঝা সহজ নয়।

তবে রুবিও দাবি করেন, ইউরোপে মার্কিন সেনা উপস্থিতি সমন্বয়ের বিষয়টি ন্যাটো মিত্রদের সঙ্গে আলোচনা করেই করা হচ্ছে। তিনি বলেন, সবাই হয়তো এতে খুশি নাও হতে পারে, কিন্তু তারা বিষয়টি সম্পর্কে অবগত।

বর্তমানে জার্মানিতে প্রায় ৩৬ হাজার, ইতালিতে ১২ হাজার, যুক্তরাজ্যে ১০ হাজার এবং পোল্যান্ডে প্রায় ১০ হাজার মার্কিন সেনা রয়েছে। ইউক্রেন যুদ্ধ শুরুর পর ইউরোপীয় দেশগুলো যুক্তরাষ্ট্রকে তাদের নিরাপত্তা প্রতিশ্রুতি বজায় রাখার আহ্বান জানিয়ে আসছে।

তবে ট্রাম্প দীর্ঘদিন ধরেই ন্যাটোর সমালোচনা করে আসছেন। তার অভিযোগ, ইউরোপীয় দেশগুলো প্রতিরক্ষা ব্যয়ে যুক্তরাষ্ট্রের তুলনায় কম অবদান রাখছে। এছাড়া ইরান ইস্যুতে ন্যাটো দেশগুলোর পর্যাপ্ত সমর্থন না পাওয়ায়ও তিনি অসন্তুষ্ট বলে জানা গেছে।

ন্যাটো মহাসচিব মার্ক রুটে বলেন, ইউরোপ ধীরে ধীরে যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরতা কমানোর পথে এগোচ্ছে এবং এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh