‘সবার জন্য ট্রাফিক আইন সমান’ বলার পর কমিশনারের গাড়িবহরেরই আইন লঙ্গনের অভিযোগ

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ৫ জুন ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ণ

ট্রাফিক আইন মানার ক্ষেত্রে সরকারি–বেসরকারি সবাই সমান এবং প্রধানমন্ত্রীও ট্রাফিক আইন মেনে চলেন—এমন বক্তব্য দেওয়ার কিছু সময় পরই ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ নিজেই সে নিয়ম মানেননি বলে অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার বিকেলে ঢাকা মহানগরের আইনশৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ক এক সংবাদ সম্মেলন শেষে কমিশনারের গাড়িবহরকে সাধারণের জন্য নির্ধারিত ডাইভারশন পার হতে দেখা যায়। এ সময় রশি ও ট্রাফিক ব্যারিকেড সরিয়ে পথ খুলে দেওয়া হয়।

বর্তমানে মিন্টো রোডের ডিএমপি মিডিয়া সেন্টার থেকে সদর দপ্তরের দিকে যেতে সাধারণ যানবাহনকে মগবাজার ফ্লাইওভারের নিচ দিয়ে ইউটার্ন নিয়ে ঘুরে যেতে হয়। ওই ডাইভারশন অংশটি দড়ি ও প্লাস্টিকের ত্রিকোণাকৃতির ব্যারিকেড দিয়ে বন্ধ রাখা থাকে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সংবাদ সম্মেলন শেষে কমিশনারের গাড়িবহর ওই মোড়ে পৌঁছালে দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা সাধারণের জন্য বন্ধ রাখা অংশের দড়ি ও ব্যারিকেড সরিয়ে দেন। পরে গাড়িবহর অতিক্রম করার পর আবার সেটি আগের অবস্থানে ফিরিয়ে দেওয়া হয়।

ওই পথে নিয়মিত চলাচলকারী এক মোটরসাইকেল চালক মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, “এই ক্রসিংটা সাধারণ মানুষের জন্য সবসময় বন্ধই থাকে। কিন্তু পুলিশের গাড়িবহর আসার সময় সেটাই খুলে দেওয়া হলো।”

তিনি আরও জানান, মিন্টো রোড থেকে বেইলি রোড বা কাকরাইলের দিকে যেতে হলে সাধারণত দীর্ঘ পথ ঘুরে যেতে হয়।

সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার বলেন, “সরকারি–বেসরকারি সব যানবাহনের জন্যই আইন সমান। এমনকি আমাদের প্রধানমন্ত্রীও ট্রাফিক আইন মেনে যাতায়াত করেন।”

তিনি আরও বলেন, “ট্রাফিক আইন সবার জন্য সমান। সরকারি হোক বা বেসরকারি—যে লঙ্ঘন করবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”

তবে বক্তব্যের কিছু সময় পরই গাড়িবহর পার হওয়ার সময় ডাইভারশন পথ খুলে দেওয়ার ঘটনায় সমালোচনা তৈরি হয়েছে।

এ বিষয়ে জানতে ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

সূত্র: বিডি নিউজ

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh