সব
নিজস্ব প্রতিবেদক,
যুক্তরাজ্যে বসবাসরত গোলাপগঞ্জ উপজেলার শরীফগঞ্জ ইউনিয়নের প্রবাসীদের উদ্যোগে একটি সর্বজনীন, অরাজনৈতিক ও ঐক্যবদ্ধ কমিউনিটি সংগঠন গঠনের লক্ষ্যে লন্ডনে এক ঐতিহাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ জুন) সন্ধ্যায় লন্ডনের হোয়াইটচ্যাপেলের একটি রেস্টুরেন্টের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
বিশিষ্ট কমিউনিটি সংগঠক মাস্টার মোহাম্মদ আব্দুস শুক্কুরের সভাপতিত্বে এবং সোহেল আহম্মেদ ও খালেদ আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভা পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু করেন আব্দুর রউফ।
সভায় Portsmouth, Southampton, Leicester, Luton ও Bedford থেকে আগত প্রতিনিধিরা সরাসরি অংশগ্রহণ করেন। এছাড়া Birmingham, Manchester, Brentford-সহ যুক্তরাজ্যের বিভিন্ন শহরে বসবাসরত শরীফগঞ্জ ইউনিয়নের প্রবাসীরা হোয়াটসঅ্যাপ কলের মাধ্যমে যুক্ত হয়ে এই উদ্যোগের প্রতি সমর্থন ও সংহতি প্রকাশ করেন।
স্বাগত বক্তব্যে বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও ক্যাম্পেইনার মতিউর রহমান মতিন বলেন, প্রবাসে বসবাসরত শরীফগঞ্জ ইউনিয়নের সকল মানুষকে দল-মত, পেশা ও ব্যক্তিগত মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি একটি শক্তিশালী ও সর্বজনীন কমিউনিটি প্ল্যাটফর্ম গঠনের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের কল্যাণ এবং ঐতিহ্য-সংস্কৃতির বন্ধন সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় আব্দুল মজিদ, মোহাম্মদ ফিরুজ, আবুল ফয়েজ, আব্দুস সামাদ, তাজুল মিয়া, আব্দুল মতিন, নিজাম উদ্দিন, নোমান আহমদ, জামাল উদ্দিন, আব্দুল কুদ্দুস, সলিসিটর আলমগীর হোসেন, আব্দুল ওয়াদুদ, আব্দুল আওয়াল, সাহাব উদ্দিন, সাজ্জাদুর রহমান শাহজান, আব্দুস সামাদ আজাদ, আনোয়ার হোসেন, কামাল হোসেন, আতিকুর রহমানসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন। বক্তারা একটি সর্বজনীন, অন্তর্ভুক্তিমূলক ও গণতান্ত্রিক কমিউনিটি সংগঠন প্রতিষ্ঠার উদ্যোগকে স্বাগত জানিয়ে এর সফল বাস্তবায়নে সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।
সভার একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হিসেবে শরীফগঞ্জ ইউনিয়ন ট্রাস্টের সভাপতি ও সাধারণ সম্পাদক বৃহত্তর ঐক্যের স্বার্থে তাদের বিদ্যমান সংগঠন বিলুপ্ত করে নতুন উদ্যোগের প্রতি পূর্ণ সমর্থন ও একাত্মতা প্রকাশ করেন। উপস্থিত সবাই এ সিদ্ধান্তকে শরীফগঞ্জ ইউনিয়নবাসীর ঐক্য প্রতিষ্ঠার ক্ষেত্রে যুগান্তকারী পদক্ষেপ হিসেবে অভিহিত করেন।
দীর্ঘ আলোচনা ও সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে নতুন সংগঠনের নাম ‘সর্বজনীন শরীফগঞ্জ ইউনিয়ন কমিউনিটি ইউকে (Sorbojonin Sharifgonj Union Community UK)’ নির্ধারণ করা হয়।
এছাড়া আগামী ১৩ জুলাই ২০২৬ লন্ডনে একটি বৃহত্তর সাধারণ সভা আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়। ওই সভায় সংগঠনের গঠনতন্ত্র অনুমোদন, পূর্ণাঙ্গ কমিটি নির্বাচন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা চূড়ান্ত করা হবে।
সাংগঠনিক কার্যক্রম পরিচালনার জন্য মোহাম্মদ ফিরুজকে প্রধান করে ১৮ সদস্যবিশিষ্ট একটি অস্থায়ী পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি মাস্টার মোহাম্মদ আব্দুল শুক্কুর, আব্দুল মজিদ, বুরহান উদ্দিন, আব্দুল নুর ও নিজাম উদ্দিনকে নিয়ে উপদেষ্টা কমিটি, খালেদ আহমদ ও আব্দুস সামাদ আজাদকে নিয়ে প্রচার ও জনসংযোগ কমিটি এবং মতিউর রহমান মতিন, ব্যারিস্টার এনামুল হক ও সলিসিটর আলমগীর হোসেনকে নিয়ে গঠনতন্ত্র প্রণয়ন কমিটি গঠন করা হয়েছে।
সভায় উপস্থিত প্রবাসীরা আশা প্রকাশ করেন, ‘সর্বজনীন শরীফগঞ্জ ইউনিয়ন কমিউনিটি ইউকে’ যুক্তরাজ্যে বসবাসরত শরীফগঞ্জ ইউনিয়নের সকল প্রবাসীর জন্য একটি কার্যকর ঐক্যের প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে এবং সামাজিক, সাংস্কৃতিক, মানবিক, শিক্ষামূলক ও কল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে কমিউনিটির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
সভা শেষে উপস্থিত সকলেই “ঐক্যে শক্তি, সম্প্রীতিতে সমৃদ্ধি” এই স্লোগানের মাধ্যমে সংগঠনের সফলতা কামনা করেন।