কারিগরি ত্রুটির কারণে বিমানের লন্ডন ফ্লাইট চার ঘণ্টা বিলম্বিত

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১২ জুন ২০২৬, ১০:৫৩ অপরাহ্ণ

কারিগরি ত্রুটির কারণে বিমানের ঢাকা-সিলেট-লন্ডন ফ্লাইট প্রায় চার ঘণ্টা বিলম্বিত হয়েছে; দীর্ঘসময় ঢাকায় বসিয়ে রেখে যাত্রীদের পরে পাঠানো হয়েছে অন্য উড়োজাহাজে করে।

যাত্রীদের অভিযোগ, তাদের অপেক্ষাকৃত পুরনো একটি এয়ারক্রাফটে উঠিয়ে দেওয়া হয়েছে, যেখানে যাত্রীদের সবার স্থান সঙ্কুলান হচ্ছিল না। এবং এতেই প্রায় চার ঘণ্টা বিলম্ব হয়েছে।

বিজি ২০১ ফ্লাইটের একজন যাত্রী পরিচয় প্রকাশ না করার শর্তে বলেন, উড়োজাহাজটি উড্ডয়নের পর ল্যান্ডিং গিয়ার ঠিকমতো ভাঁজ না হওয়ায় তা আবারও ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরে ফিরে আসে। পরে দীর্ঘক্ষণ যাত্রীদের বসিয়ে রেখে তাদের নামিয়ে কিছুক্ষণ বিমানের আরেকটি উড়োজাহাজে তুলে দেওয়া হয়।

পাল্টে দেওয়া উড়োজাহাজটি অপেক্ষাকৃত পুরনো ছিল। আসন সঙ্কুলান হচ্ছে না বলে অনেক যাত্রী হইচই করেন।

শেষ পর্যন্ত সকাল ১০টার ওই ফ্লাইট দুপুর পৌনে ২টায় ঢাকা ছাড়ে বলে ওই যাত্রী জানান।

বিমানের একজন কর্মকর্তা বলেন, “কারিগরি ত্রুটির কারণে কিছু বিলম্ব হয়েছে। ফ্লাইটে কিছু হাই প্রোফাইল যাত্রী ছিলেন। তাদের কেউ কেউ একটু হইচই করেছেন।”

তবে কোনো যাত্রীকেই ঢাকায় ছেড়ে আসা হয়নি দাবি করে ওই কর্মকর্তা বলেন, “এয়ারলাইন্স অপারেশনের ক্ষেত্রে এরকম কারিগরি ত্রুটি খুব স্বাভাবিক। এটা হতে পারে।”

এ বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্যের জন্য বিমানের জনসংযোগ বিভাগে যোগাযোগ করার চেষ্টা হলেও তারা ফোন ধরেননি। বিমানের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বোসরা ইসলামকে কয়েকবার ফোন করা হলেও তার সাড়া মেলেনি।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh