সব
স্বদেশ বিদেশ ডট কম
যুক্তরাজ্যভিত্তিক প্রযোজনা প্রতিষ্ঠান Sandyman Filmz UK-এর নির্মাণাধীন বাংলা পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ডিজিটাল ছায়া’র অফিসিয়াল ট্রেলার লন্ডনে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়েছে। সম্প্রতি লন্ডনের ঐতিহ্যবাহী চিজউইক টাউন হলে অনুষ্ঠিত ‘ভিরাসাত’ অনুষ্ঠানে ট্রেলারটি প্রথমবারের মতো প্রদর্শিত হয়।
ট্রেলার উন্মোচন করেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। অনুষ্ঠানে বিশেষ অতিথি ও পারফর্মার হিসেবে উপস্থিত থেকে তিনি চলচ্চিত্রটির বিষয়বস্তু, নির্মাণশৈলী এবং সংশ্লিষ্ট কলাকুশলীদের প্রশংসা করেন। একই সঙ্গে লন্ডনে জন্মগ্রহণকারী সংগীতশিল্পী, প্রযোজক ও অভিনেতা স্যান্ডিম্যানের সৃজনশীল উদ্যোগের ভূয়সী প্রশংসা করে ভবিষ্যতে আরও মানসম্মত বাংলা চলচ্চিত্র নির্মাণের আহ্বান জানান।
‘ডিজিটাল ছায়া’ চলচ্চিত্রটি অনলাইন জালিয়াতি ও প্রতারণা সম্পর্কে সচেতনতা তৈরির একটি পারিবারিক গল্পকে কেন্দ্র করে নির্মিত হয়েছে। বিশেষ করে ডিজিটাল প্রতারণার শিকার হওয়া বয়স্ক মানুষের বাস্তব সমস্যাগুলো এতে তুলে ধরা হয়েছে। গল্পজুড়ে রয়েছে নানা ঘাত-প্রতিঘাত ও সামাজিক বার্তা।
চলচ্চিত্রটিতে স্যান্ডিম্যানের পাশাপাশি বিশেষ ভূমিকায় অভিনয় করেছেন সংগীতা, কৃষ্ণ, রুদ্র, মৌসুমী ও অলোকসহ আরও অনেকে।
নির্মাতাদের মতে, ‘ডিজিটাল ছায়া’ শুধু একটি চলচ্চিত্র নয়; এটি ব্রিটিশ-এশিয়ান ও বাঙালি সংস্কৃতির মধ্যে সৃজনশীল সংযোগ স্থাপনের একটি প্রচেষ্টা। আন্তর্জাতিক অঙ্গনে বাংলা সংস্কৃতিকে তুলে ধরার লক্ষ্যও এতে প্রতিফলিত হয়েছে।
চলচ্চিত্রটির পরিচালনা করেছেন সুমিত্র বন্দ্যোপাধ্যায় এবং চিত্রগ্রহণের দায়িত্ব পালন করেছেন মলয় মণ্ডল।
এছাড়া নির্বাহী প্রযোজক হিসেবে যুক্ত রয়েছেন Thai Orchid Thai Bangla, Elm Park, London; অয়তী মিত্র, রুবি বাঙ্কার এবং দেবেন্দ্র রায়।
ট্রেলার উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত দর্শক, সংস্কৃতিপ্রেমী ও চলচ্চিত্র অনুরাগীদের মধ্যে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যায়। ইতিবাচক প্রতিক্রিয়ার ফলে চলচ্চিত্রটি নিয়ে প্রত্যাশা আরও বেড়েছে বলে আয়োজকরা জানান।
নির্মাতা স্যান্ডিম্যান বলেন, “বিশ্বের বিভিন্ন প্রান্তে বসবাসরত বাঙালি সম্প্রদায় এবং শুভানুধ্যায়ীদের কাছ থেকে যে ভালোবাসা ও সমর্থন পেয়েছি, তার জন্য আমি কৃতজ্ঞ। ‘ডিজিটাল ছায়া’ আমাদের স্বপ্ন, আবেগ ও দীর্ঘদিনের পরিশ্রমের ফল।”
আগামী ১৪ জুন লন্ডনের ভারতীয় বিদ্যা ভবন, ওয়েস্ট কেনসিংটনে চলচ্চিত্রটির আনুষ্ঠানিক মুক্তি নির্ধারিত হয়েছে। যুক্তরাজ্যে বসবাসরত বাংলা চলচ্চিত্রপ্রেমীদের জন্য এটি একটি বিশেষ সাংস্কৃতিক আয়োজন হয়ে উঠবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
চলচ্চিত্রটির অভিনয়শিল্পীদের বিস্তারিত তথ্য এবং পরবর্তী প্রচারণামূলক কার্যক্রম সম্পর্কে শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে বলে জানানো হয়েছে।