সব
স্বদেশ বিদেশ ডট কম
নিজস্ব প্রতিবেদক :
জাসদ সভাপতি, সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা হাসানুল হক ইনুর বিরুদ্ধে ঘোষিত রায়ের প্রতিবাদে যুক্তরাজ্য জাসদের উদ্যোগে লন্ডনে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১ জুলাই) লন্ডন বাংলা প্রেস ক্লাবের সভাকক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন যুক্তরাজ্য জাসদের সভাপতি অ্যাডভোকেট হারুনুর রশীদ এবং সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক সৈয়দ আবুল মনসুর লিলু।
সভায় বক্তারা দাবি করেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাসানুল হক ইনুর বিরুদ্ধে ঘোষিত রায় রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও প্রতিহিংসামূলক। তারা এ রায়ের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তা প্রত্যাখ্যান করেন।
সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট হারুনুর রশীদ বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর গঠিত সরকারের সময়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাসানুল হক ইনুর বিচার রাজনৈতিক উদ্দেশ্যে পরিচালিত হয়েছে বলে তারা মনে করেন। তিনি আরও দাবি করেন, ইনুর বিরুদ্ধে আনা অভিযোগগুলোর যথাযথ প্রমাণ উপস্থাপন করা হয়নি এবং বিচার প্রক্রিয়া ন্যায়বিচারের মানদণ্ড অনুসরণ করেনি।
তিনি বলেন, হাসানুল হক ইনু রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন। এ ধরনের বিচার ও রায়ের বিরুদ্ধে দেশ-বিদেশের বিবেকবান মানুষ, মানবাধিকার সংগঠন এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিবাদ জানানোর আহ্বান জানান তিনি।
প্রতিবাদ সভায় বক্তারা হাসানুল হক ইনুর বিরুদ্ধে দেওয়া রায়ের নিন্দা জানিয়ে তা প্রত্যাহার এবং তার নিঃশর্ত মুক্তির দাবি জানান।
সভায় বক্তব্য দেন যুক্তরাজ্য জাসদের সিনিয়র নেতা বীর মুক্তিযোদ্ধা ড. আবু মুস্তফা, সাধারণ সম্পাদক সৈয়দ আবুল মনসুর লিলু, কার্যকরী কমিটির সিনিয়র সদস্য আলাউদ্দিন আহমদ মুক্তা, অর্থবিষয়ক সম্পাদক রেদওয়ান খান, প্রচার ও যোগাযোগ সম্পাদক এমরান আহমদ, কামরান আহমদ, মহিলা বিষয়ক সম্পাদক সৈয়দা বিলকিস মনসুর, যুক্তরাজ্য নারীজোট নেত্রী রেহানা বেগমসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও কমিউনিটি ব্যক্তিত্ব।