লন্ডনে ইনকিলাব মঞ্চ ইউকের কার্যনির্বাহী কমিটির আত্মপ্রকাশ

নিজস্ব প্রতিবেদক,

  • প্রকাশিত: ৩ জুলাই ২০২৬, ৭:৫৬ অপরাহ্ণ

জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় উদ্বুদ্ধ সাংস্কৃতিক-নাগরিক প্ল্যাটফর্ম ইনকিলাব মঞ্চ ইউকে-এর কার্যনির্বাহী কমিটির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ উপলক্ষে লন্ডনে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) সন্ধ্যায় পূর্ব লন্ডনের গ্র্যান্ড রাসোই রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের নবগঠিত কার্যনির্বাহী কমিটির ঘোষণা দেওয়া হয়। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, গত ১০ জুন অনুমোদিত এ কমিটি আগামী ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত দায়িত্ব পালন করবে।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, যুক্তরাজ্যে সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের চেতনা, ন্যায়, ইনসাফ এবং স্বাধীনতা-সার্বভৌমত্বের বার্তা প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ছড়িয়ে দিতে কাজ করবে ইনকিলাব মঞ্চ ইউকে। পাশাপাশি যুক্তরাজ্যের বিভিন্ন শহরে সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণ এবং নতুন প্রজন্মের কাছে জুলাইয়ের চেতনা পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।

বক্তারা আরও বলেন, সংগঠনটি সব ধরনের আধিপত্যবাদ, সাংস্কৃতিক আগ্রাসন ও সম্প্রসারণবাদের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি এবং ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে জনমত গড়ে তুলতে কাজ করবে।

সংবাদ সম্মেলনে পাঁচ দফা অগ্রাধিকারমূলক কর্মসূচিও ঘোষণা করা হয়। এর মধ্যে রয়েছে— জুলাই জাতীয় সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন, গণঅভ্যুত্থানে শহীদদের হত্যার বিচার নিশ্চিত করা, ন্যায় ও আইনের শাসনভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে জনমত গঠন, সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যা বন্ধ এবং সব ধরনের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন, বাংলাদেশের প্রতিরক্ষা সক্ষমতা শক্তিশালীকরণে জনসচেতনতা সৃষ্টি এবং ইউরোপজুড়ে প্রবাসীদের সম্পৃক্ত করে পর্যায়ক্রমে ‘মার্চ ফর ইনসাফ–ইউরোপ’ কর্মসূচি বাস্তবায়ন।

অনুষ্ঠানে সংগঠনের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটিও প্রকাশ করা হয়। এতে মোহাম্মদ বেলাল হোসাইন আহ্বায়ক এবং আজিজুল করিম সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এছাড়া মহিউদ্দিন মনজুর দপ্তর সম্পাদক এবং ড. কামরান নাকিব লন্ডন অঞ্চলের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পান।

সংগঠনের সদস্য সচিব ও আঞ্চলিক প্রতিনিধি হিসেবে দায়িত্ব পেয়েছেন আব্দুল বাসেত (নর্থ ইংল্যান্ড ও স্কটল্যান্ড), রফিক হান্নান (সাউথ ওয়েস্ট), জুবের আব্দুল্লাহ (বার্মিংহাম), মোহাম্মদ মোস্তাফিজুর রহমান (লেস্টার), আমিনুল ইসলাম (নিউক্যাসল), ড. ইপসিতা ইভা (অক্সফোর্ড) এবং অ্যাশ চৌধুরী (সাউথএন্ড-অন-সি)।

এছাড়া সদস্য হিসেবে রয়েছেন মাহফুজুর রহমান মিসবাহ (কভেন্ট্রি), এমডি এস. আর. সাজিদ, এমডি আমদাদুল হক পারভেজ, নাকিব চৌধুরী ও আশিক রহমান (লন্ডন), ময়নুল হোসেন (সান্ডারল্যান্ড) এবং মাসুদ রাইহান লিয়ন (ওয়েলস)।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী দিনে যুক্তরাজ্যের আরও বিভিন্ন শহরে সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণের মাধ্যমে নতুন প্রতিনিধি ও সদস্য অন্তর্ভুক্ত করা হবে এবং প্রবাসী বাংলাদেশিদের সম্পৃক্ত করে সংগঠনের কার্যক্রম আরও বেগবান করা হবে।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh